বশির আহম্মদ মোল্লা (রায়পুরা নরসিংদী): আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের মাঝে জোর আলোচনায় উঠে এসেছে স্থানীয় প্রবীণ শিক্ষকের সন্তান ও তৃণমূলের পরিচিত মুখ মইনুল ইসলাম সরকারের নাম।
দলীয় সূত্রের পাশাপাশি স্থানীয় জনমানুষের সাথে কথা বলে জানা গেছে, নরসিংদী-০৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের ঘনিষ্ঠ সহচর হিসেবে এলাকায় পরিচিত মইনুল ইসলাম সরকার। বর্তমানে তিনি নরসিংদী জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক এবং রায়পুরা উপজেলা কৃষকদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবন ও বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি স্থানীয় বিএনপিসহ সহযোগী সংগঠনের ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে অবদান রেখে চলেছেন।
মইনুল ইসলাম সরকারের পারিবারিক ঐতিহ্যও নির্বাচনী রাজনীতিতে তাকে বাড়তি সুবিধা এনে দিচ্ছে। তার পিতা মো. ইউনুস আলী সরকার চরসুবুদ্ধি ইউনিয়নের ঐতিহ্যবাহী আবদুল্লাহপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। একজন আদর্শবান শিক্ষক হিসেবে পুরো ইউনিয়ন জুড়ে তার সুখ্যাতি রয়েছে। বাবার সেই ক্লিন ইমেজ ও সামাজিক গ্রহণযোগ্যতা মইনুলের নির্বাচনী পথকে আরও সুগম করছে বলে মনে করছেন এলাকার ভোটাররা।
স্থানীয় ভোটাররা জানান, তৃণমূলের বিভিন্ন সংকট ও দুর্দিনে রাজপথে থেকেছেন মইনুল ইসলাম সরকার। বিভিন্ন সামাজিক, সেবামূলক এবং অবকাঠামোগত উন্নয়নে স্বেচ্ছায় অবদান রেখে চলেছেন তিনি। একই সাথে স্থানীয় পর্যায়ে যেকোনো সালিশ-বিচারে নিরপেক্ষ ও ন্যায়পরায়ণ ভূমিকা পালনের কারণে এলাকায় তার বিশেষ পরিচিতি গড়ে উঠেছে। সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের এলাকার উন্নয়ন দর্শন তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করতেই তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
চেয়ারম্যান পদে প্রার্থিতার আগ্রহ সম্পর্কে জানতে চাইলে মইনুল ইসলাম সরকার জানান, তিনি স্থানীয় জনগণের নাগরিক অধিকার সুনিশ্চিত করতে এবং একটি আধুনিক, উন্নত, মাদকমুক্ত ও আদর্শ মডেল ইউনিয়ন গড়ে তুলতে বদ্ধপরিকর। ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও ভালবাসা সাথে নিয়েই তিনি সামনের দিকে এগিয়ে যেতে চান।
টিএইচএ/
