আন্তর্জাতিক ডেস্ক :: ইরানে যৌথভাবে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত। দেশ দুটিতে ইরানের হামলার জবাবে এমন পদক্ষেপ নেয় তারা। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানে হামলা চালাতে দুই দেশই যুদ্ধবিমান পাঠায়।
প্রতিবেদনে বলা হয়, উপসাগরীয় দেশ দুটি ইরানের ড্রোন এবং মিসাইলের ভান্ডারে হামলা চালায়। এই হামলায় গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করে সংযুক্ত আরব আমিরাত। পাশাপাশি আকাশেও সুরক্ষা দেয় দেশটি।
যুদ্ধের শুরুর দিকে ইরানে হামলা চালায় সৌদি আরব ও আমিরাত। এসময় সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকায় দেখা যায় আমিরাতকে। ইরানের বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় দেশটি।
এদিকে বাহরাইন ও কুয়েত এই যুদ্ধে যোগ দেয়ায় সংঘাতের পরিধি আরও বাড়তে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে এই দুই দেশ। তাই এবার জবাব দিতে মাঠে নামল তারা।
অন্যদিকে সৌদি ও আমিরাতের তুলনায় বাহরাইন ও কুয়েতের সামরিক সক্ষমতা খুবই কম। তবে বাহরাইন দেশটির প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়িয়েছে। আর ২০২০ সালে আব্রাহাম অ্যাকর্ডের অধীনে ইসরায়েলের সঙ্গে সম্পর্কও স্থাপন করেছে দেশটি।
