বিজেপির দুর্গে আঘাত হানছেন পি কে

by Fatih Work

আন্তর্জাতিক নির্বাচন কৌশলবিদ থেকে প্রত্যক্ষ রাজনীতিতে পা রাখা প্রশান্ত কিশোর (পি কে) জীবনে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই বড় ধরনের চমক সৃষ্টি করেছেন। ভারতের বিহার রাজ্যের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গণনায় নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন বিজেপি প্রার্থীকে পেছনে ফেলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি। অন্যদিকে বিরোধী দল আরজেডি প্রার্থীর অবস্থান বেশ পিছিয়ে তৃতীয় স্থানে।

ভারত নির্বাচন কমিশনের সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, গণনার নবম দফা শেষে জনসুরাজ পার্টির (জেএসপি) প্রধান প্রশান্ত কিশোর ১৭ হাজার ৮৫৬ ভোট পেয়ে শীর্ষস্থানে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী নীরজ কুমার ৫ হাজার ২৭২ ভোটে পিছিয়ে রয়েছেন।

বিজ্ঞাপন
banner

বাঁকিপুর বিধানসভা কেন্দ্রটি বহু বছর ধরে বিজেপির একচ্ছত্র দুর্গ হিসেবেই পরিচিত। ২০১০ সাল থেকে পরপর চারবার এই আসন থেকে জয়ী হন বিজেপির জ্যেষ্ঠ নেতা নিতিন নবীন। এমনকি সর্বশেষ ২০২৫ সালের বিধানসভা নির্বাচনেও তিনি ৬২ শতাংশের বেশি ভোট পেয়ে জয় লাভ করেন। পরবর্তীতে নিতিন নবীন রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হলে খালি হওয়া এই আসনে উপনির্বাচনের আয়োজন করা হয়।

এর আগে ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের দল নতুন প্রার্থী দিলেও নিজে ভোটে দাঁড়াননি এবং সেই নির্বাচনে তাঁর দল কোনো আসনই পায়নি। তবে এবার সরাসরি বিজেপির শক্ত ঘাঁটিতে তিনি নিজে প্রার্থী হওয়ার ঘোষণা দিলে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাথমিক ফলাফলে তাঁর এগিয়ে থাকা শেষ পর্যন্ত জয়ের মুখ দেখলে ঐতিহ্যবাহী এই কেন্দ্রটি প্রথমবারের মতো হাতছাড়া হবে বিজেপির। উল্লেখ্য, এই আসনটি পূর্বে পাটনা পশ্চিম কেন্দ্রের অংশ থাকা অবস্থায় ১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত চারবার জয়ী হয়েছিলেন নিতিনের বাবা নবীন কিশোর প্রসাদ সিনহা।

সম্প্রতি ভারতজুড়ে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশব্যাপী ব্যাপক আন্দোলন ও তরুণদের ক্ষোভ প্রকাশের পর এটিই ছিল প্রথম বড় নির্বাচন। ফলে বাঁকিপুরের এই ভোটের চূড়ান্ত ফল ভারতের তরুণ ভোটার ও সাধারণ জনগণের রাজনৈতিক মনোভাবের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222