বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিব ও তার দুই সহযোগীকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। এনামুল হক সাকিব শহরতলীর উমেদনগর গ্রামের আব্দুল মতিনের ছেলে। আটক অন্য দুজন হলেন, উমেদনগর গ্রামের শাহ আলমের ছেলে মো. শিহাব আহমেদ এবং নসরতপুর গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে মো. মোশারফ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শহরের চৌধুরী বাজারের খোয়াই মুখ এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড় ১১টার দিকে শহরের চৌধুরী বাজারে একটি রেস্তোরাঁয় সাকিবসহ তার ২ সহযোগী চাঁদাবাজি করতে যায়। এ সময় ব্যবসায়ীরা তাদেরকে আটক করে সেনাবাহিনীকে খবর দেয়। খবর পেয়ে যৌথ বাহিনী পৌঁছে তাদের আটক করে নিয়ে আসে। পরে তাদের হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, “ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে সেনাবাহিনী তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, ২০২৫ সালের ৭ মে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা, মামলা-বাণিজ্য এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে এনামুল হক ওরফে সাকিবকে বহিষ্কার করে সংগঠনটি।
এমএআর/
