ভারি বর্ষণে চীনে ভূমিধসে নিহত ২৫

by Abid vs36

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে পৌঁছেছে। এ প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ২৩ জন গুরুতর আহত হয়েছেন বলে রোববার (২ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে জানা যায়, গত ২৬ জুলাই গানসু প্রদেশের ডিংসি শহরের ওয়েইইউয়ান কাউন্টিতে মুষলধারে বৃষ্টির পর হঠাৎ ধস ও পাহাড়ি ঢলে এই হতাহতের ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যে ১০ জনের মৃত্যুর কথা বলা হলেও উদ্ধার অভিযান জোরদার করার পর নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়ায়। উদ্ধার তৎপরতা ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র মূল্যায়নে চীনের জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও ত্রাণ কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

বর্তমানে ডিংসিসহ গানসু প্রদেশের একাধিক পার্বত্য অঞ্চলে নতুন করে পাহাড় ধসের তীব্র ঝুঁকি প্রকাশ করে স্থানীয় বাসিন্দাদের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া বিভাগ। শুধু গানসু নয়, রাজধানী বেইজিং ও পার্শ্ববর্তী ইনার মঙ্গোলিয়া অঞ্চলেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিক, চীনের সিচুয়ান প্রদেশে টানা ভারী বৃষ্টির মুখে ঝুঁকি এড়াতে তাৎক্ষণিকভাবে ৬৪ হাজার ৬০৯ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। চলতি বর্ষা মৌসুমে প্রদেশটি থেকে এ পর্যন্ত ৮ লাখ ৮১ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে।

চীনের জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সতর্ক করে জানানো হয়েছে, পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে ধীরে ধীরে এশিয়ার মূল ভূখণ্ডের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ‘সুপার টাইফুন ডলফিন’। আগামী বুধবার নাগাদ টাইফুনটির প্রভাবে দেশটির দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলে ভয়াবহ ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত হতে পারে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222