মানবরচিত তন্ত্রমন্ত্রে জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নের আশা করা বোকামী :চরমোনাই পীর

by hsnalmahmud@gmail.com

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, আমরা বারবার জীবন দিয়েছি, পঙ্গুত্ব বরণ করেছি, আমাদের সন্তানরা এতিম হয়েছে, নারীরা বিধবা হয়েছে। এগুলো জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমরা ত্যাগ করেছি তা পূরণ হয় নাই। কারণ আমরা শৃগালের হাতে মুরগী তুলে দেয়ার মতো ভুল করেছি। মানব রচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ করা সম্ভব না। মানবরচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নের প্রত্যাশা করা বোকামী। এর জন্য ইসলামই একমাত্র সমাধান। বৈষম্যরোধ করতে, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে, সংখ্যালঘুদের শান্তি নিশ্চিত করতে ইসলাম-ই একমাত্র পরীক্ষিত পদ্ধতি।

আজ ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন
banner

ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফের সভাপতিত্বে দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেন,জুলাই যে সুযোগ তৈরি করেছিলো তাকে কাজে লাগাতে আমরা ইসলামের ভিত্তিতে একটি সমঝোতা করেছিলাম। এই সমঝোতা যখন সম্ভাবনাময় হয়ে উঠলো তখন স্বার্থান্বেষি মহল ক্ষমতার লোভে আদর্শ ছেড়ে প্রচলিত পদ্ধতিতে আগ্রহী হয়ে উঠেছিলো। তারা বাংলাদেশে ইসলামের সম্ভবনা নষ্ট করেছে। একই সাথে তারা দেশের ও জুলাইয়ের প্রত্যাশাও নষ্ট করেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, গুম তদন্তের দায়িত্ব পুলিশকে দেয়া জুলাই চেতনার সাথে স্পষ্ট গাদ্দারি।কারণ,অতীতে গুমের সাথে বেশি সম্পৃক্ততা পুলিশ সদস্যদেরই ছিল। অভ্যুত্থান পরবর্তী জনগণের প্রত্যাশা ছিল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে,কিন্তু সমঝোতার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বর্তমান সরকার সে আশায় গুড়ে বালি দিয়েছে।

সভাপতির বক্তব্যে নগর দক্ষিণ এর সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, বসবাস অযোগ্যের তালিকায় ঢাকা এখন শীর্ষে অবস্থান করছে।

নগরবাসী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আগামী সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী জয়ী হলে আমরা ঢাকাকে পরিকল্পিত বসবাসযোগ্য নগরী গড়ে তুলবো ইনশাআল্লাহ।

নগর দক্ষিণ-এর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন আইএবির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আশরাফ আলী আকন,অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, নগর দক্ষিণ সহ-সভাপতি জি এম রুহুল আমীন, আলহাজ্ব এম এইচ মোস্তফা, নগর উত্তরের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মুনতাসির আহমদ প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222