ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট-ইউজি) সহ একাধিক জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে গড়ে ওঠা তীব্র ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
শনিবার (২৫ জুলাই) তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর রাষ্ট্র হওয়ার পরপরই টানা কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাওয়া দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর এলাকা আন্দোলনকারী শিক্ষার্থীদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে। সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে আন্দোলনের নেতৃত্ব দেওয়া সামাজিক মাধ্যমভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় লেখে, ‘শিক্ষার্থীদের শক্তি দীর্ঘজীবী হোক’।
যন্তর মন্তরের মূল প্রতিবাদ মঞ্চে উপস্থিত শত শত শিক্ষার্থীর উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে সিজেপির প্রতিষ্ঠাতা ও তরুণ আন্দোলনকারী অভিজিৎ দীপকে আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমরা পেরেছি। অনেকে বলতেন, এই সরকারের আমলে কোনো মন্ত্রী কখনো পদত্যাগ করেন না। কিন্তু শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিবাদে আজ আমরা তা সম্ভব করে দেখিয়েছি’।
উল্লেখ্য, গত মে মাসে অনুষ্ঠিত নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুকে ঘিরে প্রথম এই ক্ষোভের সূত্রপাত ঘটে। পরবর্তীতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর ব্যানারে এই আন্দোলন কেবল দিল্লিতেই সীমাবদ্ধ থাকেনি, বরং দ্রুত দেশের প্রধান প্রধান শহরগুলোতে ছড়িয়ে পড়ে এবং ভারতের জাতীয় রাজনীতির অন্যতম প্রধান ও আলোচিত বিষয়বস্তুতে পরিণত হয়। পদত্যাগের মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থার সংস্কার ও পরীক্ষার্থীদের অধিকার রক্ষায় আন্দোলনকারীদের একটি বড় মূল দাবি বাস্তবায়িত হলো।
টিএইচএ/
