শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, কংগ্রেসের সমর্থন

by Fatih Work

নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ভারতের ঝাড়খণ্ডে টানা কয়েক দিন ধরে চলা ব্যাপক বিক্ষোভের মধ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকার জোরালো ঘোষণা দিয়েছে রাজ্যটির ক্ষমতাসীন জোটের শরিক দল কংগ্রেস। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করাই তাদের বর্তমানের প্রধান অগ্রাধিকার।

ঝাড়খণ্ড কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা কে রাউজের নেতৃত্বে দলের একটি প্রতিনিধিদল সম্প্রতি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি জমা দেয়। সাক্ষাতের পর কে রাউজ জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিদাওয়া নিয়ে আলোচনার উদ্দেশ্যে একটি মন্ত্রিসভা কমিটি গঠনের যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে, কংগ্রেস তাকে স্বাগত জানায়।

বিজ্ঞাপন
banner

উল্লেখ্য, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি) পরিচালিত নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে গত ২৫ জুলাই থেকে রাজধানী রাঁচিতে লাগাতার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ১৪তম ঝাড়খণ্ড পিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা বাতিল করা, সিবিআই অথবা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির মাধ্যমে পুরো প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্ত করা এবং সার্বিক নিয়োগব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনা। আন্দোলন আরও তীব্র আকার ধারণ করলে এর মধ্যে পাঁচজন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন, যার মধ্যে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার নেতা দেবেন্দ্রনাথ মাহতোও অন্তর্ভুক্ত ছিলেন।

এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলনের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে নড়েচড়ে বসেছে প্রশাসন। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন, শিক্ষার্থীদের উত্থাপিত অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। নিয়োগ অনিয়মের সঙ্গে প্রত্যক্ষ বা পরক্ষভাবে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি সমস্যার একটি স্থায়ী সমাধানের পথ খোঁজা হচ্ছে বলে জানান তিনি।

সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায় এবং তাদের কাঙ্ক্ষিত ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা অব্যাহত রাখবে কংগ্রেস।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222