আন্তর্জাতিক ডেস্ক :: প্রশ্নপত্র ফাঁসের ঘটনা থেকে উদ্ভূত দেশজুড়ে চলমান বিক্ষোভের মধ্যেই ভারতের শিক্ষা মন্ত্রণালয়ে বড় ধরনের প্রশাসনিক রদবদল করল নরেন্দ্র মোদি সরকার। শিক্ষা সচিব বিনীত যোশিকে সরিয়ে তার স্থলে নরেশ গাঙ্গওয়ারকে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে জারি করা সরকারি এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করা বিনীত যোশিকে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তার পরিবর্তে নরেশ গাঙ্গওয়ার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন।
এই রদবদল ছিল সরকারের বড় প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ। এতে মোট ১৩টি নতুন নিয়োগ এবং চার কর্মকর্তার পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে গ্রামীণ উন্নয়ন বিভাগের অতিরিক্ত সচিব টি কে অনিল কুমারকে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব করা হয়েছে।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন এবং বিরোধী দলগুলোর প্রতিবাদের মধ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও দাবি করছেন।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য নিশিকান্ত দুবে দাবি করেছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উদাসীনতা দেখানোর কারণেই শিক্ষা সচিবকে সরানো হয়েছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়ীদের পাশাপাশি অবহেলা বা উদাসীনতা দেখানো কর্মকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।’
এদিকে প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ দ্রুত বিচার আদালত (ফাস্ট-ট্র্যাক কোর্ট) গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং আগামী সপ্তাহে সংসদে একটি বিল উত্থাপনের চেষ্টা করবে সরকার।
১৯৯২ ব্যাচের ভারতীয় প্রশাসনিক পরিষেবার (আইএএস) কর্মকর্তা বিনীত যোশি এর আগে মণিপুরের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ), কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিবিএসই) এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে ১৯৯৪ ব্যাচের আইএএস কর্মকর্তা নরেশ গাঙ্গওয়ার এত দিন মৎস্য, প্রাণিসম্পদ ও দুগ্ধ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ ও দুগ্ধ বিভাগের সচিব ছিলেন। এর আগে তিনি রাজস্থানের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক এবং রাজ্য সরকারের শিক্ষা বিভাগে সচিব হিসেবে কাজ করেছেন। কেন্দ্রীয় সরকারেও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
