আন্তর্জাতিক ডেস্ক: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নয়াদিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) ব্যানারে চলমান শিক্ষার্থী আন্দোলনের পরিস্থিতির মধ্যে নিজেদের শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ড ও আলোচনায় অংশ না নেওয়ার নির্দেশনা দিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) রুরকি। কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া যেকোনো ধরনের রাজনৈতিক প্ল্যাটফর্মে মতামত প্রকাশ বা সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করা থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটির রেজিস্টার কার্যালয়।
সোমবারে (২০ জুলাই) জারিকৃত ওই নির্দেশনায় স্পষ্টভাবে জানানো হয়, আইআইটি রুরকির শিক্ষক, শিক্ষার্থী বা কর্মচারীরা কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোনো ধরনের রাজনৈতিক আলোচনা, আন্দোলন কিংবা ইলেকট্রনিক, প্রিন্ট ও সম্প্রচারমাধ্যমে দলীয় বা রাজনৈতিক মন্তব্য করতে পারবেন না। নির্দেশনায় আরও বলা হয়, ক্যাম্পাসের কোনো সদস্যের এরূপ মন্তব্য বা কর্মকাণ্ড কেন্দ্রীয় সরকারের সাথে শিক্ষাপ্রতিষ্ঠানটির সুসম্পর্ক ও ভাবমূর্তিকে সংকটে ফেলতে পারে।
ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলমান সিজেপির বিশাল আন্দোলনের পটভূমিতে এই নির্দেশনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর আলোচনা তৈরি হয়। তবে বিতর্কের মুখে আইআইটি রুরকি প্রশাসন থেকে বিষয়টির স্পষ্টীকরণ করে জানানো হয়েছে যে, এটি সম্পূর্ণ একটি রুটিন বিজ্ঞপ্তি যা প্রতি শিক্ষাবর্ষের শুরুতেই নিয়মমাফিক জারি করা হয়। চলমান শিক্ষার্থী আন্দোলনের সাথে এর কোনো সরাসরি সম্পর্ক নেই এবং এটিকে প্রেক্ষাপটের বাইরে না দেখার আহ্বানও জানানো হয়েছে।
অবশ্য প্রকাশিত নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি ইনস্টাগ্রাম, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে দেখা গেছে যে ক্যাম্পাসের কিছু শিক্ষার্থী চলমান রাজনৈতিক আন্দোলনের প্রতি নিজেদের সমর্থন ও মতামত ব্যক্ত করছেন। এ সংক্রান্ত আচরণবিধি মনে করিয়ে দিয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, বিজ্ঞান ও শিল্পকলার মতো মৌলিক বিষয়ে শিক্ষা প্রদান, গবেষণা এবং জ্ঞানচর্চাই হলো তাদের প্রধান উদ্দেশ্য।
আইআইটি রুরকির মিডিয়া সেল ইনচার্জ সোনিকা শ্রীবাস্তব এক বিবৃতিতে জানান, এই বিজ্ঞপ্তিটি ক্যাম্পাসের বিদ্যমান পরিচালনা বিধিমালার অংশ হিসেবে প্রতি বছরই অভ্যন্তরীণভাবে প্রচারিত হয়। নতুন কোনো নীতি বা কঠোর নিয়ম আরোপ করা হয়নি এবং অভ্যন্তরীণ আচরণবিধি বজায় রাখতেই এই বার্ষিক বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে।
টিএইচএ/
