প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে ভারতের রাজধানী নয়া দিল্লির জন্তর মন্তরে উত্তরাখণ্ড পুলিশের কনস্টেবল শের সিং ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকের হাতে নিজের পোশাকের পুলিশ ব্যাজ তুলে দিয়ে চাকরি থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দেন। তবে উত্তরাখণ্ড পুলিশ তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে স্পষ্টভাবে বলেছে, উক্ত কনস্টেবল আন্দোলনের কারণে পদত্যাগ করেননি, বরং তিনি আগেই পুলিশ বাহিনী থেকে বরখাস্ত (সাসপেন্ড) অবস্থায় ছিলেন।
শুক্রবার দিল্লির জন্তর মন্তরে সিজেপি আয়োজিত আন্দোলনের মঞ্চে পুলিশের পোশাক পরিহিত অবস্থাতেই উপস্থিত হন ৩৬ বছর বয়সী কনস্টেবল শের সিং। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি রাজ্য পুলিশের লাঠিচার্জ ও বলপ্রয়োগের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, পুলিশি ব্যবস্থার অন্যায় কর্মকাণ্ডের অংশ হতে তিনি আর চান না এবং অন্যায়ের বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করতে চান। বক্তব্যের এক পর্যায়ে তিনি নিজের পোশাক থেকে উত্তরাখণ্ড পুলিশের ব্যাজটি খুলে সিজেপি নেতা অভিজিৎ দীপকের হাতে তুলে দেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার পরপরই নড়েচড়ে বসে উত্তরাখণ্ড পুলিশ প্রশাসন। কুমায়ুন রেঞ্জের আইজিপি নিবেদিতা কুকরেটি এবং ডিজিবি স্পষ্ট করে জানান, শের সিংয়ের বক্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। গত ২৮ জুন থেকে কোনো ছুটি বা অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকে ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু তিনি কোনো জবাব না দেওয়ায় গত ২০ জুলাই তাকে আনুষ্ঠানিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়।
এছাড়া পুলিশ প্রশাসন আরও প্রকাশ করেছে যে, কনস্টেবল শের সিংয়ের আগে থেকেই অপরাধমূলক রেকর্ড রয়েছে। একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে যোগসাজশে জমি দখল ও প্রতারণার মামলায় তিনি গ্রেফতার হয়ে দীর্ঘদিন হরিদ্বার কারাগারে বন্দি ছিলেন এবং বর্তমানে জামিনে রয়েছেন। তার বিরুদ্ধে বিভাগীয় বরখাস্তের প্রক্রিয়া আগেই চলমান ছিল। বরখাস্ত অবস্থায় পুলিশি পোশাক পরে আন্দোলনে অংশ নেওয়া এবং উসকানিমূলক মন্তব্য করায় তার বিরুদ্ধে নতুন করে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
টিএইচএ/
