সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

by Abid vs36

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে ঢাকাগামী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে রাজধানী ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব জেলার রেলযোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছালে এর ‘ঝ’ নম্বর বগিটি লাইনচ্যুত হয়। শহীদ এম মনসুর আলী স্টেশনে রেললাইনের একটিমাত্র লেন বা লুপ লাইন থাকায় এই দুর্ঘটনার পর বিকল্প কোনো পথে ট্রেন চলাচলের সুযোগ না থাকায় উত্তর ও দক্ষিণ জনপদের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়ে।

বিজ্ঞাপন
banner

দুর্ঘটনার ফলে বিভিন্ন স্থানে একাধিক ট্রেন আটকা পড়েছে। এ বিষয়ে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, লাইচ্যুত হওয়ার কারণে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি মাঝপথে আটকা পড়েছে। অপরদিকে যমুনা সেতুর পূর্বপারে আটকা পড়েছে একতা এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস। হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এসব ট্রেনের যাত্রীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ার পর থেকেই পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু হয়েছে। এদিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভূঁইয়া জানিয়েছেন, শহীদ এম মনসুর আলী স্টেশনে একটি মাত্র লেন থাকায় বিকল্প ব্যবস্থা না থাকায় রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বগি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে ইতোমধ্যে রিলিফ ট্রেন রওনা হয়েছে এবং আগামী চার ঘণ্টার মধ্যে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222