আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে নতুন ইসলাম গ্রহণকারীদের সুবিধার্থে একটি সমন্বিত ডিজিটাল কার্ড সেবা চালু করেছে দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ অ্যান্ড গাইডেন্স মন্ত্রণালয়। নতুন এই ডিজিটাল “নিউ মুসলিম” (New Muslim) কার্ডটি সৌদির বহুল ব্যবহৃত ‘তাওয়াক্কালনা’ (Tawakkalna) অ্যাপের সাথে সরাসরি যুক্ত করা হয়েছে।
গত রবিবার (২৬ জুলাই) রিয়াদে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই নতুন ডিজিটাল কার্ড সেবার শুভ উদ্বোধন করেন ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ অ্যান্ড গাইডেন্স মন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ আল আল-শেখ।
যেভাবে কাজ করবে এই সেবা
নতুন এই ডিজিটাল পদ্ধতির ফলে ইসলাম গ্রহণের আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে চূড়ান্ত কার্ড অনুমোদন পর্যন্ত সব কাজই অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে। যে কেউ ইসলাম গ্রহণ করতে চাইলে তা ইলেকট্রনিক উপায়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনটি যাচাই-বাছাই ও প্রক্রিয়াজাতকরণের পর মন্ত্রণালয় একই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে অনুমোদন দেবে।
অনুমোদনের পর কার্ডটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর ‘তাওয়াক্কালনা’ অ্যাপে দৃশ্যমান হবে। এটি সৌদি ডাটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটি (SDAIA)-র সাথে সরাসরি যুক্ত থাকায় ব্যবহারকারীরা যেকোনো সময় ডিজিটাল উপায়ে এটি প্রদর্শন বা শেয়ার করতে পারবেন।
কিউআর কোডের মাধ্যমে তাৎক্ষণিক যাচাই
প্রতিটি ডিজিটাল কার্ডে একটি ইউনিক কিউআর (QR) কোড সংযুক্ত থাকবে। যে কোনো সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই কিউআর কোড স্ক্যান করে কার্ডটির আসল রূপ ও ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের সঠিক অনুমোদন মুহূর্তেই যাচাই করে নিতে পারবে। ফলে নতুন মুসলিমদের কাগজ বা ফিজিক্যাল প্লাস্টিক কার্ডের জন্য কোনো প্রকার অপেক্ষা করতে হবে না; অনুমোদনের সাথে সাথেই তারা এটি ব্যবহার করতে পারবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, এই ডিজিটালাইজেশন উদ্যোগটির মাধ্যমে দেশে কতজন নতুন ইসলাম গ্রহণ করছেন সে সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য সংরক্ষণ সহজ হবে, যা ভবিষ্যতে আরও নিখুঁত প্রতিবেদন প্রণয়ন ও পরিকল্পনা গ্রহণে সহায়তা করবে।
টিএইচএ/
