আন্তর্জাতিক ডেস্ক :: পশ্চিমবঙ্গের মালদা জেলার পান্ডুয়া এলাকার আদিনা মসজিদকে আদিনাথ মন্দির দাবি করাকে কেন্দ্র করে বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। চলতি বিধানসভার বাদল অধিবেশনে বিজেপির রাজারহাটের বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি আদিনা মসজিদকে মন্দির দাবি করে বিতর্কিত বিষয়টিতে ঘৃতাহুতি করেন। এরপর আদিনা মসজিদ না আদিনাথ পুরাতন শিব মন্দির এই বির্তকের মাঝে আদিনাতে আয়োজন করা হয়েছে শিব পূজার।
সোমবার (২৭ জুলাই) ৬৫৩ বছরের পুরোনো এই আদিনা মসজিদের ৫০ মিটারের মধ্যে স্থাপিত হতে চলেছে শিবলিঙ্গ। সোমবার ওই আয়োজনে করা হবে শিবের পুজো। আদিনাথের রুদ্রাভিষেক করার ব্যবস্থা করা হয়েছে।
প্রত্নতত্ত্ব বিভাগের তথ্য বলছে, ১৩৭৩ খ্রিস্টাব্দে সিকান্দর শাহ এই মসজিদ তৈরি করেন। তবে রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই এই স্থাপত্য ঘিরে শুরু হয় বির্তক। মূলত স্থাপত্যের বিভিন্ন কারুকার্যে রয়েছে শিব বা আদিনাথের অস্তিত্ব। হিন্দু দেবদেবীর কারুকার্য। আর তারপর থেকেই এই স্থাপত্য ঘিরে শুরু হয় বির্তক। হিন্দু বা সনাতনীরা মূলত দাবি করেন এই স্থাপত্য আদিনাথের পুরাতন শিব মন্দির।
বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলাও চলছে। এমন অবস্থায় সোমবার এই স্থাপত্যের ৫০ মিটারের মধ্যে আদিনাথে রুদ্রাভিষেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্থাপত্যের চত্বর সুসজ্জিত করা হয়েছে।
এই আয়োজনের উদ্যোক্তা কাজল গোস্বামী জানান, এই স্থাপত্যে আদিনাথ বা শিবমূর্তির অস্তিত্ব রয়েছে। স্থাপত্যের বিভিন্ন কারুকার্যে প্রমাণ রয়েছে হিন্দু দেবদেবী। অর্থাৎ এই স্থাপত্য আদিনাথ পুরাতন শিব মন্দির।
স্থানীয় বাসিন্দারা জানান, এই স্থাপত্য আদিনাথ বা শিবের মন্দির। প্রত্নতাত্ত্বিক বিভাগ খননকার্যের সময় শিবমূর্তি পেয়েছে। পাওয়া গেছে দূর্গা মূর্তিও। তাই এই স্থাপত্যকে মন্দির রূপে পরিবর্তন করার দাবি তুলেছেন তারা।
আদিনাথ শিব মন্দির ও মেলা কমিটির পক্ষ থেকে কাজল গোস্বামী বলেন, এই আন্দোলন আমাদের দীর্ঘদিন ধরে চলছে। আমরা আইন মেনে আদালতের মাধ্যমে এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করব আগামী দিনে। এটি কোনোদিনও মসজিদ ছিল না। এটিকে ভেঙে মন্দির থেকে মসজিদে পরিণত করা হয়েছিল এটা সবাই জানে। মুসলিম আমল তারপর ব্রিটিশ আমল এরপর কংগ্রেস তারপর এই রাজ্যে বাম আমল ও গত ১৫ বছর তৃণমূলের আমলে এ নিয়ে অনেকেই আন্দোলন করেছে। অনেকে আওয়াজ তুলেছে। কিন্তু সংখ্যালঘু তোষণ রাজনীতির কারণে তাদেরকে হেনস্থা করেছে আগের সরকারগুলো।
বর্তমানে এই রাজ্যে ও দেশে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত রয়েছে। আপাতত প্রতিবছরের মতো এখানে মেলা হবে। শিবলিঙ্গটি আদিনা সৌধের নিকটবর্তী স্থানে প্রতিষ্ঠিত করা হবে।
ভবিষ্যতে আদালতের মাধ্যমে এই শিবলিঙ্গকে নির্দিষ্ট জায়গায় প্রতিষ্ঠা করা হবে। বর্তমানে আদিনাথ সৌধ আর্কিওলজি সার্ভে অব ইন্ডিয়ার অধীনে রয়েছে। আমরা সংশ্লিষ্ট দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং ও প্রধানমন্ত্রীর সঙ্গেও এ নিয়ে দেখা করব। রাম জন্মভূমি এমন হয়েছে আগামী দিনে আদিনাথ শিব মন্দিরও পুনরায় প্রতিষ্ঠা হবে। ইতিহাসকে ভুলিয়ে দেয়া যাবে না।
