আমিরুল ইসলাম লুকমান >>
সন্তান জন্ম দেওয়া যেকোনো নারীর জন্য অনেক বড় গৌরবের বিষয়। সেই গৌরব যদি অর্জন হয় পবিত্র মক্কা মোকাররমার মত মহাবরকতপূর্ণ স্থানে, তাহলে তো খুশির আর সীমা থাকে না। এমনই এক খুশির ঘটনা ঘটেছে এবারের হজ পরবর্তী সময়ে।
মসজিদুল হারামের পবিত্র চত্বরে পবিত্র কাবার সামনে এক ইন্দোনেশীয় নারী সন্তান প্রসব করেছেন। সৌদি আরবের জরুরি চিকিৎসা সেবা বিভাগের দ্রুত সহযোগিতা ও পেশাদারিত্বের কারণে এই বিরল ও আনন্দঘন ঘটনা সফলভাবে সম্পন্ন হয়েছে।
সোমবার (২৩ জুন) ডেইলি জং ও সামা ওয়ার্ল্ড নিউজ সূত্রে জানা গেছে, সৌদি হিলাল আহমার কর্তৃপক্ষ (রেড ক্রিসেন্ট) এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার (২০ জুন) সকালে স্থানীয় সময় ৯টা ২১ মিনিটে মসজিদুল হারাম থেকে একটি জরুরি কল পেয়ে অ্যাম্বুলেন্স টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করে। এরপর সকল চিকিৎসা প্রটোকল সঠিকভাবে অনুসরণ করে নারীর প্রসব প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
উক্ত নারী ইন্দোনেশীয়া থেকে হজ পালনের জন্য সৌদি আরবে এসেছিলেন এবং তিনি বর্তমানে পবিত্র মক্কায় অবস্থান করছিলেন।
প্রসবের পর মা ও নবজাতক—দুজনকেই কাছাকাছি একটি স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয় এবং বর্তমানে তারা সুস্থ আছেন বলে স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এর আগে আরাফাতের ময়দানে আরেকজন পাকিস্তানি নারীও এক পুত্রসন্তানের জন্ম দেন, যা হজ মৌসুমে সৌদি চিকিৎসা ব্যবস্থাপনার সফলতা তুলে ধরে।
বিবৃতিতে জরুরি প্রয়োজনে দ্রুত যোগাযোগের ওপর গুরুত্বারোপ করে বলা হয়, হাজীদের উচিত সঠিক অবস্থান জানাতে ৯৯৭ জরুরি নম্বর, ‘আসাফনি’ মোবাইল অ্যাপ বা ‘তাওয়াক্কালনা’ অ্যাপ ব্যবহার করা।
সৌদি হিলাল আহমার (রেড ক্রিসেন্ট) কর্তৃপক্ষ আরও জানায়, হজের পুরো সময়জুড়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজীদের জন্য জরুরি চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে এবং পবিত্র স্থানগুলোতে নিরাপত্তা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
সূত্র: ডেইলি জং ও সামা ওয়ার্ল্ড নিউজ।
এআইএল/
