আমেরিকার ফেডারেল আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক বিশ্বের নানা দেশের ওপর আরোপ করা শুল্ককে অবৈধ ঘোষণা করেছে। তবে আপাতত এসব শুল্ক বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) এক্সপ্রেস নিউজ সূত্রে বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফেডারেল সার্কিট কোর্ট অফ আপিলসের ৭-৪ ভোটে দেওয়া রায়ে বলা হয়, ট্রাম্প জরুরি অর্থনৈতিক ক্ষমতার অপব্যবহার করে ব্যাপকহারে শুল্ক আরোপ করেছিলেন। এর মাধ্যমে তিনি তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।
আদালতের নির্দেশে বলা হয়েছে, আগামী ১৪ অক্টোবর পর্যন্ত এসব শুল্ক বহাল থাকবে এবং এর মধ্যে ট্রাম্প প্রশাসন চাইলে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে।
রায়ের প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, ‘এই সিদ্ধান্ত আমেরিকাকে ধ্বংস করে দেবে। সব শুল্ক এখনও কার্যকর আছে। আপিল আদালত ভুল ও পক্ষপাতদুষ্ট রায় দিয়েছে। সুপ্রিম কোর্টের সহায়তায় শুল্ক জাতির স্বার্থে ব্যবহার করা হবে।’
বিশ্লেষকদের মতে, এই রায় ট্রাম্পের জন্য বড় ধাক্কা। কারণ তিনি শুল্ককে তার অর্থনৈতিক নীতির প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন। ফলে ইউরোপীয় ইউনিয়নসহ বড় বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে করা একাধিক চুক্তিও অনিশ্চয়তার মুখে পড়েছে।
এখন প্রশ্ন উঠেছে, যদি সুপ্রিম কোর্ট ট্রাম্পের পক্ষে রায় না দেয় তবে এসব শুল্কের আওতায় সংগৃহীত বিলিয়ন ডলার অর্থের ভবিষ্যৎ কী হবে।
সূত্র: এক্সপ্রেস নিউজ
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
