দীর্ঘ সাড়ে ১৫ বছরের (২০০৯-২০২৪) আওয়ামী লীগ সরকারের আমলে ভিন্নমতের মানুষের পাশাপাশি অসংখ্য আলেম-ওলামা চরম নির্যাতনের শিকার হয়েছেন। কারাগার, রিমান্ড ও নানা হয়রানির শিকার হওয়া এসব আলেমদের বাস্তব চিত্র তুলে ধরতে সম্প্রতি প্রকাশিত হয়েছে সাংবাদিক রকীবুল হক রচিত গ্রন্থ “আওয়ামী শাসনে আলেম নিপীড়ন”।
বইটি মূলত একটি দৈনিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত আলেমদের নির্যাতনের প্রতিবেদনগুলোর সংকলন। ২২৪ পৃষ্ঠার এ গ্রন্থে স্থান পেয়েছে আলোচিত ৪৩ জন নির্যাতিত আলেমের জীবন্ত চিত্র।
লেখকের মতে, দীর্ঘদিন ভয়ভীতি ও মিডিয়ার একপাক্ষিক প্রচারণার কারণে এসব তথ্য প্রকাশিত হয়নি। তবে ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকারের পতনের পর নির্যাতনের ঘটনাগুলো ধীরে ধীরে প্রকাশ্যে আসে।
রিমান্ডে অমানবিক নির্যাতন, বছরের পর বছর কারাগারে আটক থাকা এবং প্রকাশ্যে অপপ্রচার—এসব অভিজ্ঞতা বয়ে বেড়ানো আলেমদের কণ্ঠ সে সময় রুদ্ধ হয়ে ছিল। লেখক অভিযোগ করেন, ফ্যাসিবাদমুখী মিডিয়াগুলো তাদের দুর্দশা প্রকাশ না করে বরং “জঙ্গিবাদে জড়িত” বলে কল্প কাহিনি পরিবেশন করেছে।
অভ্যুত্থানের পর ফ্যাসিবাদমুক্ত পরিবেশে পুনরায় প্রকাশিত হয় মজলুম সম্পাদক মাহমুদুর রহমান সম্পাদিত দৈনিক আমার দেশ। পুনঃপ্রকাশের শুরু থেকেই পত্রিকাটিতে আওয়ামী শাসনে নির্যাতিত আলেমদের বাস্তব অভিজ্ঞতা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। সেই প্রকাশিত রিপোর্টগুলোই সংকলিত হয়ে এসেছে “আওয়ামী শাসনে আলেম নিপীড়ন” গ্রন্থে।
লেখক পরিচিতি
রকীবুল হকের জন্ম ঝিনাইদহ জেলার কোলা গ্রামে। শৈশব থেকেই লেখালেখি ও বইয়ের প্রতি গভীর আগ্রহ ছিল তার। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই সাংবাদিকতা শুরু করেন তিনি। জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন দৈনিক পত্রিকায় কাজ করার পর বর্তমানে দৈনিক আমার দেশ-এ সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা বিষয়ে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি প্রশিক্ষণও গ্রহণ করেছেন।
বইয়ের তথ্য
লেখক: রকীবুল হক
নাম: আওয়ামী শাসনে আলেম নিপীড়ন
প্রকাশনী: তাজদিদ পাবলিকেশন
পৃষ্ঠা সংখ্যা: ২২৪
মূল্য: ৩৪৭ টাকা
ধরণ: পেপারব্যাক
বই পাওয়া যাবে: অনলাইন বুকশপ রকমারিসহ দেশের বিভিন্ন বুকস্টল ও রবিউল আউয়ালের বই মেলায়।
এনআর/
