জাপান যেতে ভুয়া ফুটবল খেলোয়াড়ের পরিচয় ব্যবহার করে মানবপাচারের চেষ্টার ঘটনা উদঘাটন করেছে জাপানি কর্তৃপক্ষ। পাকিস্তানের সিয়ালকোট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘গোল্ডেন ফুটবল ট্রায়াল’ নামের একটি ভুয়া ক্লাবের পরিচয়ে জাপানে পৌঁছালেও ২২ জনকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত চক্রের মূল হোতা মালিক ওয়াকাসকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। এফআইএর তদন্তে জানা যায়, মালিক ওয়াকাস প্রতিটি ব্যক্তির কাছ থেকে ৪০ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ১৩–১৫ হাজার মার্কিন ডলার) নিতেন। ভুয়া নথিতে খেলার সময়সূচি ও জাল নিবন্ধন সনদ দেখানো হলেও জাপানি কর্তৃপক্ষ তা ধরে ফেলে।
জিজ্ঞাসাবাদে ওয়াকাস স্বীকার করেন, এর আগেও ২০২৪ সালের জানুয়ারিতে একই কৌশলে ১৭ জনকে জাপানে পাঠিয়েছিলেন। তার কাছ থেকে জাল নথি ও পাকিস্তান ফুটবল ফেডারেশনের ভুয়া লেটারহেড জব্দ করেছে এফআইএ।
ওয়াকাসের বিরুদ্ধে একাধিক মানবপাচারের মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
এনআর/
