গাজার অবরুদ্ধ জনগণের জন্য ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া গ্লোবাল সমুদ ফ্লোটিলা বর্তমানে মিশরের উত্তর উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ত্রাণবাহী এই বহরে ইসরায়েলি হামলার আশঙ্কা রয়েছে।
অবরোধ ভাঙার লক্ষ্যে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, ইসরায়েলি সেনারা যেকোনো সময় বহরে হামলা চালিয়ে যুদ্ধাপরাধের শামিল হতে পারে।
ফ্লোটিলা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বহর কয়েক ঘণ্টার মধ্যে মিশরের আলেকজান্দ্রিয়া বন্দরে পৌঁছাবে। এ বহরে থাকা এক নারী ক্যাপ্টেন গাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন।
প্রশাসনের আরও তথ্য অনুযায়ী, বহরের অগ্রভাগে থাকা জাহাজটি বর্তমানে গাজা থেকে মাত্র ৬৭৮ কিলোমিটার দূরে অবস্থান করছে। এদিকে বহরে নতুন করে আরও দুটি জাহাজ যুক্ত হয়েছে, যা পুরো অভিযানকে আরও শক্তিশালী করেছে।
ফ্লোটিলা কর্তৃপক্ষ বলেছে, আগামী দুই দিনের মধ্যে তাদের বহর একটি অত্যন্ত সংবেদনশীল অঞ্চলে প্রবেশ করবে।
তারা জোর দিয়ে বলেছে, ‘আমাদের সংকল্প এখন আরও দৃঢ়, আর এ সংকল্পই বিশ্বকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার বার্তা দিচ্ছে।’
সূত্র: ডেইলি জং।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
