এশিয়া কাপে ফাইনালে উঠতে না পারায় সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন বাংলাদেশ টি–টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। আজ নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দলের ব্যর্থতার দায় স্বীকার করে ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি!
এবারের আসরে শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে আফগানিস্তান ও হংকংকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নেয় তারা। শুরুটাও ছিল দুর্দান্ত-প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারায় ফিল সিমন্সের শিষ্যরা। তবে ভারতের কাছে হারের পর ফাইনালে উঠতে হলে পাকিস্তানকে হারানো ছাড়া আর কোনো পথ খোলা ছিল না।
দুবাইয়ে সেই অলিখিত সেমিফাইনালে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে ১৩৫ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ১২৪ রানের বেশি যেতে পারেনি দল। ১১ রানে হেরে বিদায় নেয় টাইগাররা। পাকিস্তান ফাইনালে গেলেও শেষ পর্যন্ত ভারতের কাছে হেরে রানার্স আপ হয়।
লিটন চোটের কারণে সুপার ফোরে ভারতের বিপক্ষে ও পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে খেলতে পারেননি। সেই জায়গায় নেতৃত্ব দিয়েছেন জাকের আলী। এ কারণেই হতাশা আরও বেশি লিটনের। তিনি লেখেন, ‘২০২৫ সালের এশিয়া কাপে আমরা আমাদের সেরাটা দিয়েছিলাম। আমাদের লক্ষ্য ছিল ফাইনালে ওঠা এবং জেতা। কিন্তু দুঃখজনকভাবে সেটা হয়নি। দল হিসেবে বাংলাদেশের সব সমর্থকদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’
নিজের ইনজুরি নিয়ে তিনি আরও লিখেছেন, ‘ব্যক্তিগতভাবে, চোটের কারণে শেষ দুটি ম্যাচে মাঠে নামতে না পারাটা ছিল খুবই কষ্টের। একই কারণে আসন্ন আফগানিস্তান সিরিজেও খেলতে পারব না। সুস্থ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেও সফল হতে না পারায় ভীষণ খারাপ লাগছে।’
তবে সমর্থকদের অকুণ্ঠ ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি লিটন দাস। বার্তার শেষ অংশে তিনি বলেন, ‘এই টুর্নামেন্টে আপনাদের অপ্রতিরোধ্য সমর্থন সত্যিই অসাধারণ ছিল। বিশ্বের সেরা সমর্থক আমাদেরই আছে। আশা করি, শিগগিরই আপনাদের প্রাপ্য প্রতিদান আমরা মাঠে ফিরিয়ে দিতে পারব।’
আগামী বৃহস্পতিবার শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। এরপর ৮ অক্টোবর আবুধাবিতে শুরু হবে ওয়ানডে সিরিজ। লিটনের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন জাকের আলী।
এনআর/
