সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রক্তদান কর্মসূচিতে অন্তত ১০ বার রক্তদানকারী ৩০৮ নাগরিককে ‘মেডেল অব মেরিট–তৃতীয় শ্রেণি’ প্রদানের অনুমোদন দিয়েছেন।
সৌদি সরকারি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, পদকের পাশাপাশি তাদেরকে সম্মাননাপত্রও প্রদান করা হবে।
উল্লেখ্য, গত মাসে যুবরাজ মোহাম্মদ বিন সালমান রক্তদানের জাতীয় ক্যাম্পেইন উদ্বোধন করেছিলেন এবং সমাজের সব শ্রেণিকে রক্তদানে উৎসাহিত করার আহ্বান জানিয়েছিলেন।
সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজিল জানান, ‘২০০৫ সাল থেকে এখন পর্যন্ত ২২ হাজারের বেশি নাগরিককে নিয়মিত রক্তদানের জন্য কিং আবদুল আজিজ মেডেল (তৃতীয় শ্রেণি) প্রদান করা হয়েছে।’
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সৌদি আরবের এ জাতীয় ক্যাম্পেইনের ব্যাপক প্রভাব ও সফলতার প্রশংসা করেছে।
সূত্র: আল আরাবিয়া ও উর্দু নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
