বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর যাপিত জীবন মানব জাতির জন্য অনুপম আদর্শ। তিনি ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, কিন্তু অতি সাধারণ ছিল তার জীবন। তরুণ প্রজন্মের কাছে তার এ অনুকরণীয় জীবনদর্শন তুলে ধরতে পদক্ষেপ নিতে হবে।’
বুধবার (১ অক্টোবর) রাজধানীর ধানমণ্ডির মসজিদ উত-তাকওয়া সোসাইটির উদ্যোগে তিন দিনব্যাপী সিরাত আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ উপলক্ষে মসজিদের চতুর্থ তলায় একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেখানে প্রতীকীরূপে মহানবী (সা.)-এর যাপিত জীবনকে তুলে ধরতে মাটির ঘর, তৈজসপত্র, পানি ধরে রাখার পাত্র, খেজুর পাতার ছাউনি, খাট এবং তার প্রিয় খাবার প্রদর্শন করা হচ্ছে।
শেখ বশিরউদ্দীন বলেন, ‘নতুন প্রজন্ম বইপত্র পড়ে নবী করিম সা. এর জীবনী জানে। আমরা চেষ্টা করেছি, এই প্রদর্শনীর মাধ্যমে তারা তাদের কল্পনার সঙ্গে যেন নবীজির যাপিত জীবনকে মিলিয়ে নিতে পারে। এই প্রদর্শনী দেখে তারা বুঝতে পারবে, কত সাধারণ জীবন থেকে তিনি কী অসাধারণ সম্মানের অধিকারী হয়েছেন।
মসজিদ উত-তাকওয়া সোসাইটি আয়োজিত তিন দিনব্যাপী সিরাত আয়োজনে রয়েছে সিরাত বই প্রদর্শনী, সিরাত আলোচনা, নাশিদ সন্ধ্যা, শিশুতোষ আলোচনা, নারীদের জন্য বিশেষ হালাকা, নবীজির সুবাস, রং-তুলিতে নবীজির শহর, ফুড অব প্রফেট (সা.) বায়োগ্রাফি অব প্রফেট (সা.) এবং থ্রিডি এনিমেশন শো। ১-৩ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে। নারীদের জন্য জোহরের থেকে আসর পর্যন্ত প্রবেশ উন্মুক্ত থাকবে।
এআইএল/
