রাজধানীর নিকেতনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘সব রিজারভেশন’ প্রতিষ্ঠানের উদ্যোগে ‘সেশন ল্যাব’ সিজন-১ এর প্রথম সেশন। গত ২৮ এপ্রিল আয়োজিত এই সেশনে প্রায় শতাধিক তরুণ-তরুণী অংশ নেন। সৃজনশীল কাজ এবং ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে আলোচনার এই আয়োজনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট (ওয়েব এবল ডিজিটাল) ও জনপ্রিয় লেখক কিঙ্কর আহসান। প্রায় তিন ঘণ্টাব্যাপী এই সেশনে তিনি তার বর্ণাঢ্য অ্যাডভারটাইজিং জীবনের নানা অভিজ্ঞতার গল্প শোনান এবং সৃজনশীল জগতের খুঁটিনাটি দিকগুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে কিঙ্কর আহসান মূলত ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি, স্ক্রিপ্ট রাইটিং এবং প্রেজেন্টেশন স্কিলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষাগুলো তিনি অংশগ্রহণকারীদের সামনে সহজভাবে উপস্থাপন করেন, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। সেশন শেষে ছিল প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব, অংশগ্রহণকারীরা সরাসরি বক্তার সঙ্গে তাদের ক্যারিয়ার ও সৃজনশীল কাজ নিয়ে মতবিনিময়ের সুযোগ পান। উপস্থিত দর্শকরা জানান, কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ক্ষেত্রে এ ধরনের সেশন অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।
আয়োজক প্রতিষ্ঠান সব রিজারভেশনের পক্ষ থেকে এনামুল হক এবং আহনাফ তাহমিদ শানিল জানান, সেশন ল্যাবের এই আয়োজন আগামীতে নিয়মিতভাবে পরিচালিত হবে। তারা আরও উল্লেখ করেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে শুরু করে সফল উদ্যোক্তা জীবনের নানা গল্প ও কৌশল নিয়ে কথা বলতে আগামীতে দেশের স্বনামধন্য ও সফল ব্যক্তিরা এই মঞ্চে উপস্থিত হবেন। আয়োজক সূত্রে জানা গেছে, সেশন ল্যাবের প্রথম সিজনে সর্বমোট ১২টি পেইড সেশন অনুষ্ঠিত হবে, যার প্রতিটি সেশনেই ভিন্ন ভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করবেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা।
টিএইচএ/
