মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার পর নতুন ধাপের রেডিয়েশন থেরাপি শুরু করেছেন।
রবিবার (১২ অক্টোবর) ডেইলি জং সূত্রে চিকিৎসকদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, বাইডেনের ক্যান্সার কোষ হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে, যার পরিপ্রেক্ষিতে চিকিৎসার এই নতুন ধাপ শুরু করা হয়েছে।
৮২ বছর বয়সী বাইডেনকে রেডিয়েশন থেরাপির পাশাপাশি হরমোন থেরাপিও দেওয়া হচ্ছে, যাতে রোগের গতি ধীর করা ও তা নিয়ন্ত্রণে রাখা যায়। চিকিৎসার এই ধাপ পাঁচ সপ্তাহ ধরে চলবে বলে জানা গেছে।
চিকিৎসকরা জানান, চলতি বছরের ১৬ মে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় বাইডেনের প্রোস্টেট গ্রন্থিতে একটি গাঁট (nodule) শনাক্ত হয়, যার পর তাকে আনুষ্ঠানিকভাবে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়।
বিশেষজ্ঞদের মতে, প্রোস্টেট ক্যান্সার পুরুষদের মধ্যে সবচেয়ে সাধারণ ক্যান্সারের একটি এবং এটি বিশ্বব্যাপী পুরুষদের আক্রান্ত করা দ্বিতীয় সর্বাধিক ক্যান্সার হিসেবে বিবেচিত।
আমেরিকান ক্যান্সার সোসাইটির তথ্য অনুযায়ী, প্রতি ১০০ জন পুরুষের মধ্যে প্রায় ১৩ জন জীবনের কোনো এক পর্যায়ে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন এবং ৬৫ বছরের বেশি বয়সী পুরুষদের মধ্যেই এই রোগের ঘটনা সবচেয়ে বেশি দেখা যায়।
উল্লেখ্য, সম্প্রতি বাইডেন ত্বকের ক্যান্সার (Skin Cancer) এর চিকিৎসার জন্য অস্ত্রোপচারও করিয়েছেন।
সূত্র: ডেইলি জং।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
