প্রাইম ইউনিভার্সিটির ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং ক্লাবের উদ্যোগে ‘ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং: ভবিষ্যৎ সম্ভাবনা ও দিগন্ত’ শীর্ষক একটি সেমিনার মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
নবগঠিত ক্লাবটির উদ্বোধনী অনুষ্ঠান হিসেবে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. দীন মোহাম্মদ খসরু। কি-নোট স্পিকার ছিলেন প্রাইম ইউনিভার্সিটি’র প্রাক্তন শিক্ষার্থী ও নিয়ার অ্যাসিস্ট্যান্ট-এর সিইও ফ্রিল্যান্সার এএইচপি হাবিব।
প্রধান অতিথি প্রফেসর ড. দীন মোহাম্মদ খসরু তার বক্তব্যে বলেন, ‘ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং খাত তরুণদের স্বনিয়োজিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে এবং দেশের ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সেমিনারে সভাপতিত্ব করেন প্রাইম ইউনিভার্সিটি’র রেজিস্ট্রার ক্যাপ্টেন এম এ জব্বার।
স্বাগত বক্তব্যে ক্লাবের আহ্বায়ক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মিসেস আয়েশা সিদ্দিকা জানান, আগামী মাসে ক্লাবটি বেসিক গ্রাফিক ডিজাইন বিষয়ে একটি কর্মশালা এবং পরবর্তীতে একটি প্রতিযোগিতার আয়োজন করবে যেগুলো শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ব্যবহারিক শিক্ষাকে আরো উৎসাহিত করবে।
সভাপতি ক্যাপ্টেন এম এ জব্বার বলেন, ‘ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং ক্লাব শিক্ষার্থীদের প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতায় সমৃদ্ধ করবে যাতে তারা বৈশ্বিক বাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং খাতে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।’
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এনআর/
