ঢাকায় এশিয়ান আর্চারির পর্দা উঠছে কাল

by naymurbd1999@gmail.com

অপেক্ষার অবসান ঘটছে অবশেষে। আগামীকাল থেকে ঢাকায় পর্দা উঠছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের জমজমাট আসরের। গত কয়েকদিন ধরে টঙ্গী, আউটার স্টেডিয়াম ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের আঙিনা মুখরিত ছিল এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা আর্চারদের অনুশীলনে। কাল থেকে শুরু হবে তীর-ধনুকের সেই আসল লড়াই।

প্রতিযোগিতায় রিকার্ভ ও কম্পাউন্ড মিলে মোট ১০টি ইভেন্টে পদকের লড়াই হবে। অংশ নিচ্ছেন ৩০টি দেশের ২০৯ জন আর্চার। এর মধ্যে রিকার্ভে ৫৪ জন এবং কম্পাউন্ডে ৩৮ জনসহ মোট ৯২ জন নারী আর্চার অংশ নিচ্ছেন এবারের আসরে।

বিজ্ঞাপন
banner

এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ৮০ জন কোচ ও অফিসিয়াল, সঙ্গে ১৭ জন বিশেষ অতিথি। চ্যাম্পিয়নশিপ চলবে ৮ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে ৮ থেকে ১২ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এবং শেষ দুই দিন আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলা।

বাংলাদেশের জন্য আয়োজক হওয়াটা সহজ ছিল না। আয়োজক সত্ত্ব পাওয়ার দৌড়ে প্রতিদ্বন্দ্বী ছিল ভারত ও চীন। ভারত সরে দাঁড়ানোর পর ভোটাভুটিতে ১৪-১০ ব্যবধানে চীনকে হারিয়ে আয়োজক হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। ২০১৭ ও ২০২১ সালের পর তৃতীয়বারের মতো এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আয়োজক হওয়ার গৌরব করল বাংলাদেশ।

আয়োজক হিসেবে এবারও নানান চ্যালেঞ্জ নিতে হয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশনকে। বিভিন্ন দেশের আর্চার ও কর্মকর্তাদের আগমন, আবাসন, অনুশীলন ভেন্যু নির্ধারণ, যাতায়াত ব্যবস্থা, নিরাপত্তা—সব মিলিয়ে প্রস্তুতি ছিল ব্যাপক।

বিশেষ উদ্যোগ নিতে হয়েছে কিছু দেশের অংশগ্রহণ নিশ্চিত করতে। ফিলিস্তিন, সিরিয়া ও ইয়েমেনের আর্চারদের অংশগ্রহণে সহায়তা দিতে হয়েছে আলাদা প্রণোদনা দিয়ে। ফিলিস্তিন থেকে ৪ জন আর্চার অংশ নিচ্ছেন এবারে।

বাংলাদেশের আর্চারি ভক্তদের চোখ এখন দেশের তারকা আর্চারদের দিকেই—আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও বন্যা আক্তারদের থেকে রয়েছে পদক প্রত্যাশা। ২০২১ সালের আসরে দলগত ইভেন্টে বাংলাদেশ পেয়েছিল একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক। তবে ২০২৩ সালের থাইল্যান্ড আসরে খালি হাতে ফিরতে হয় দলকে। এবার সেই হতাশা কাটিয়ে নতুন সাফল্য গড়তে দৃঢ়প্রতিজ্ঞ আর্চাররা।

উদ্বোধনী দিনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে এশিয়ান আর্চারির কংগ্রেস ও নির্বাচন। আগামী চার বছরের জন্য সভাপতি নির্বাচিত করবেন ৩৮ জন ভোটার। কংগ্রেস শুরু হবে দুপুর ৩টায় এবং চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৩টা ১৫ মিনিট থেকে ৪টা পর্যন্ত, ইলেকট্রনিক ভোটিংয়ের মাধ্যমে।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সদস্য কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং বর্তমান সভাপতি চুং ইউসান (Chung Euisun)। দক্ষিণ কোরিয়ার এই ধনকুবের হুন্দাই মোটর গ্রুপের এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সিইও, যিনি ২০০৫ সাল থেকে পরপর পাঁচ মেয়াদ ধরে সভাপতির দায়িত্বে আছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222