টিকিট ছাড়া ট্রেন ভ্রমণ: বনলতা এক্সপ্রেসে ৪৩৪ যাত্রীকে জরিমানা

by Abid vs36

 ৩৬ নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে টিকিট ছাড়া আন্তঃনগর ট্রেন ভ্রমণের দায়ে ৪৩৪ জন যাত্রীর কাছ থেকে জরিমানাসহ বড় অঙ্কের ভাড়া আদায় করেছে পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক বিভাগ। এতে মাত্র একটি ট্রেন থেকেই সরকারের রাজস্ব আয় হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ১৯২ টাকা।

সোমবার (২৫ মে) দুপুরে পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
banner

রেলওয়ে সূত্রে জানা যায়, গত রোববার (২৪ মে) রাজশাহী ও ঢাকার মধ্যে চলাচলকারী ৭৯২/৭৯১ আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনে এই বিশেষ টিকিট চেকিং অভিযান চালানো হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদের বিশেষ নির্দেশনায় এবং পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলমের সার্বিক ব্যবস্থাপনায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) হাসিনা খাতুনসহ রেলওয়ের ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক ও নিরাপত্তাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) হাসিনা খাতুন জানান, ঈদযাত্রায় টিকিট ছাড়া ট্রেন ভ্রমণ রোধে বনলতা এক্সপ্রেসে বিশেষ অভিযান চালিয়ে ৪৩৪ জন যাত্রীকে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাদের কাছ থেকে ভাড়া বাবদ ১ লাখ ৭০ হাজার ৫৩৩ টাকা এবং জরিমানা বাবদ ১ লাখ ৬৮ হাজার ৬৫৯ টাকাসহ সর্বমোট ৩ লাখ ৩৯ হাজার ১৯২ টাকা সরকারি রাজস্ব আদায় করা হয়েছে।

পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম জানান, ঈদে অল্প সময়ে ও কম ভোগান্তিতে স্বাচ্ছন্দ্যদায়ক এবং নিরাপদ ভ্রমণের জন্য যাত্রীরা সড়কপথের চেয়ে ট্রেনকে বেশি বেছে নিচ্ছেন। প্রকৃত টিকিটধারী যাত্রীরা যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন, সেজন্য পাকশী বিভাগীয় রেলওয়ের প্রতিটি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। টিকিট ছাড়া ট্রেন ভ্রমণ নিরুৎসাহিত করতে এবং রেলের রাজস্ব বৃদ্ধি করতে পাকশী বিভাগের আওতাধীন সব যাত্রীবাহী ট্রেনে এই ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222