কন্যা সন্তানের ত্বক-চুলের রঙ অস্বাভাবিক হওয়ায় স্ত্রীকে তালাক দেন স্বামী। জেনেটিক্যালি ত্রুটি সম্পন্ন অ্যালবেনিজম রোগে আক্রান্ত শিশু আফিয়া ও তার মায়ের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১৪ নভেম্বর) বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম ওই শিশু ও তার মা মনিরা খাতুনের তাদের বর্তমান আশ্রয়স্থল যশোর সদরের বাজুয়াডাঙ্গা পশ্চিমপাড়ার শহিদ মোল্লার বাড়িতে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
মনিরা খাতুরের একটি বসতঘর নির্মাণ করে দেওয়ার পাশাপাশি শিশু আফিয়ার পড়াশোনার পুরো দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। একই সঙ্গে পরিবারটির অন্যান্য দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে যশোর জেলা বিএনপিকে।
বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, যশোর-৩ আসনের বিএনপি সংসদ পদপ্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তিনি পরিবারটির দায়িত্ব নিতে বলেন। মনিরার থাকার মতো কোনো আবাসস্থল নেই, সেজন্য একটি ঘর নির্মাণ ও আফিয়ার লেখাপড়ার দায়-দায়িত্ব দলের পক্ষ থেকে নেওয়া হবে বলে জানান অমিত।
অপরদিকে, মনিরা ও আফিয়াকে আইনি ও নাগরিক সহযোগিতা দিতে ইতোমধ্যেই কাজ শুরু করেছে জেলা প্রশাসন। সমাজের নানা শ্রেণি ও পেশার মানুষের পাশাপাশি এগিয়ে আসছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।
উল্লেখ্য, ৫ বছর আগে যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামের মজিদ মোল্লার ছেলে মোজাফফর হোসেনের সঙ্গে বিয়ে হয় বাজুয়াডাঙ্গা পশ্চিমপাড়ার শহিদ মোল্লার মেয়ে মনিরা খাতুনের। ২০২২ সালের ১৩ নভেম্বর এই দম্পতির ঘর আলো করে আসে শিশু আফিয়া। শিশুটি দেখতে অন্য বাচ্চার মতো না হওয়ায় স্ত্রী ও মেয়েকে ত্যাগ করে বিদেশ চলে যান মোজাফফর। মিথ্যা অপবাদ দিয়ে মনিরা খাতুনকে তালাক দেন। তালাকের পর থেকে স্ত্রী-কন্যার আর কোনো খোঁজ নেননি মোজাফফর।
এআইএল/
