জাপানের বিপক্ষে শেষ ম্যাচের পর সমালোচনার মুখে পড়েছিল ব্রাজিল। তবে এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে নিজের শক্তির প্রমাণ দিল কার্লো আনচেলোত্তির দল। আফ্রিকার দলটিকে ২-০ গোলে হারিয়ে সমর্থকদের সন্তুষ্টির কারণও হয়ে উঠল সেলেসাওরা।
চেলসির তরুণ উইঙ্গার এস্তেভাওয়ের চমৎকার বাঁকানো শটে প্রথমে লিড নেয় ব্রাজিল। এরপর রদ্রিগোর ফ্রি–কিক থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন কাসেমিরো। বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণ, সুযোগ সৃষ্টি ও লক্ষ্যে শটে দাপট দেখায় ব্রাজিলের ১৪ শটের ছয়টি ছিল অন টার্গেট, যেখানে সেনেগালের ছিল মাত্র একটি।
এই জয়েই সেনেগালের বিপক্ষে জয়ের স্বাদ পেল ব্রাজিল এবং আফ্রিকার দেশটির টানা ২৫ ম্যাচের অপরাজিত যাত্রায় বিরতি টানল। ২০২৩ সালে ৪-২ গোলে হার ও ২০১৯ সালের ড্র-এর প্রতিশোধও নেওয়া হলো আনচেলোত্তির দলের।
দ্বিতীয়ার্ধে দুই দলই বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ৫১ মিনিটে এডারসনের ভুলে গোলের দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি সেনেগাল।
দারুণ এই জয়ের পর ১৮ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে পরবর্তী প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল।
টিএইচএ/
