১ সেকেন্ডের ব্যবধানে ২ বার ভূমিকম্প: আবহাওয়া অধিদপ্তর

by Fatih Work

মো. নিজাম উদ্দিন স্বাধীন (স্টাফ রিপোর্টার)

দুই দিনে টানা তৃতীয়বারের মতো দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। সবশেষ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়।

বিজ্ঞাপন
banner

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সন্ধ্যায় এক সেকেন্ডের ব্যবধানে ২ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এরমধ্যে প্রথম ভূ-কম্পনটি অনুভূত হয় সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে। মাত্রা ছিল ৩ দশমিক ৭। এরপর আবারও সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয় ভূ-কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। তবে দু’টি ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।

তবে এই ভূমিকম্পের মাত্রা এবং উৎপত্তিস্থল নিয়ে দুই রকমের তথ্য মিলেছে। শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। সংস্থাটির দেয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩ এবং উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
 
এদিকে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৭। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। উৎপত্তিস্থলের বিষয়ে বলা হয়েছে, ঢাকা থেকে ৮ কিলোমিটার উত্তর উত্তর পূর্বে।

এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটেও দেশে ভূমিকম্প অনুভূত হয়। মৃদু ওই ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল নরসিংদীর পলাশে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ৩। তারও আগে শুক্রবার (২১ নভেম্বর) দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওইদিন সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূ-কম্পন অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। শুক্রবারের মাঝারি মানের ওই ভূমিকম্পে এখন পর্যন্ত সারাদেশে ১১ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এছাড়াও ভূমিকম্পের সময় ভবন থেকে মাথায় ইট খসে পড়ে ও আতঙ্কে ভবন থেকে লাফিয়ে সারাদেশে অন্তত ৪ শতাধিক মানুষ আহত হন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222