ছাত্রীকে উত্ত্যক্তের জেরে যবিপ্রবিতে শিক্ষার্থী–এলাকাবাসীর সংঘাত

by Nur Alam Khan

যশোর: ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে তীব্র সংঘর্ষ বাধে। ধাওয়া–পাল্টা ধাওয়ায় পুরো বিশ্ববিদ্যালয় এলাকা একসময় রণক্ষেত্রে পরিণত হয়। রাত সোয়া ৯টার দিকে সেনা সদস্যদের চারটি গাড়িসহ বিপুল পুলিশ, ডিবি ও র‌্যাব সদস্য ঘটনাস্থলে অবস্থান নেয়।

এর আগে শিক্ষার্থী ও এলাকাবাসী—উভয়পক্ষই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও প্রথম দুই ঘণ্টায় প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ উঠে।

বিজ্ঞাপন
banner

সাবেক ছাত্রনেতা রাশেদ খান জানান, সংঘর্ষে দুই শিক্ষার্থী আহত হয়েছেন; তাদের মধ্যে একজনের মাথা ফেটে গেছে। তবে যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, এ ঘটনায় কোনো রোগী এখনো হাসপাতালে ভর্তি হননি।

শিক্ষার্থীদের অভিযোগ, যবিপ্রবির এক ছাত্রী মোবাইল মেরামত করতে মঙ্গলবার সন্ধ্যায় আমবটতলা বাজারে গেলে দোকানি তার সঙ্গে ‘খারাপ আচরণ’ করেন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ে জানালে কয়েকজন শিক্ষার্থী বাজারে গিয়ে ওই দোকানিকে মারধর করেন।

স্থানীয় ব্যবসায়ীরা এর প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ব্যবসায়ীরা দোকান বন্ধ করে শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া–পাল্টা ধাওয়ায় লিপ্ত হন।

পরে মাইকিংয়ের মাধ্যমে আশপাশের তিন গ্রাম—ইসলামপুর, শ্যামনগর ও সাজিয়ালির লোকজন ব্যবসায়ীদের সাথে যোগ দেন। দু’পক্ষই লাঠিসোটা হাতে মুখোমুখি অবস্থান নেয়। এলাকাবাসী বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে আমবটতলা এলাকায় এবং শিক্ষার্থীরা প্রধান ফটক থেকে পশ্চিমের বেলতলা পর্যন্ত অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। মাঝে মাঝে ধাওয়া–পাল্টা ধাওয়াও হয়।

সংঘর্ষের কারণে যশোর–চৌগাছা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত সোয়া ৮টার দিকে যবিপ্রবি প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। দুই পক্ষই বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে রাস্তা ব্লক করেন।

রাত পৌনে ৯টার দিকে সেনা সদস্য, পুলিশ, ডিবি ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু করে। রাশেদ খান জানান, দীর্ঘ যানজটে সড়ক স্বাভাবিক হতে বেশ সময় লাগতে পারে।

একই সময়ে যবিপ্রবির শিক্ষকরা ছড়িয়ে–ছিটিয়ে থাকা শিক্ষার্থীদের একত্রিত করে নিরাপদে ক্যাম্পাসে ফেরানোর কাজ চালাতে থাকেন।

রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে যবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার নিত্যানন্দ পাল জানান, ক্যাম্পাসে জড়ো হওয়া শিক্ষার্থীরা হামলার প্রতিবাদে বিক্ষোভ করছেন। পরিস্থিতি শান্ত করতে উপাচার্য প্রফেসর ড. আব্দুল মজিদসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সঙ্গে কথা বলছেন।

নিত্যানন্দ পালের সঙ্গে কথা বলার সময়ও পেছন থেকে গোলযোগ ও স্লোগানের শব্দ শোনা যাচ্ছিল।

টিএইচএ/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222