মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে জেলে ও কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে দুই কুখ্যাত আন্তঃজেলা ডাকাত দলের মূল ২ হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার দুর্গাপুর পদ্মবিল এলাকায় রীতিমতো সিনেমার মতো এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মহেশপুরের বেগমপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেল রানা (২৮) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ নফরকান্দি গ্রামের মসলেম খলিফার ছেলে আলী হোসেন (৩৫)। বেশ কিছুদিন ধরে এই দুইজন মহেশপুর ও আশপাশের এলাকায় সড়কে গাছ ফেলে পথচারী ও যানবাহন থামিয়ে ডাকাতি করছিল বলে জানিয়েছে পুলিশ।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, পদ্মবিল এলাকায় ডাকাতদলের দুই মূল সদস্য গা-ঢাকা দিয়ে অবস্থান করছে। এরপর পুলিশ সদস্যরা ছদ্মবেশে—কেউ জেলে, কেউ কৃষক সেজে—ওই এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর ওই দুই ব্যক্তিকে দেখতে পেয়ে ধাওয়া করে আটক করা হয়।”
ওসি আরও জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজনই ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।” স্থানীয় বাসিন্দারা জানান, “সম্প্রতি সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় এলাকাবাসী আতঙ্কে ছিল। দুইজন ডাকাত গ্রেফতারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে অনেকে মনে করছেন।” পুলিশ বলছে, “তাদের বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এমএআর/
