নিজস্ব প্রতিবেদক:
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) ১২ জন বাংলাদেশিকে দুটি মাছ ধরার ট্রলারসহ অপহরণ করেছে।ঘটনাটি গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) ভোরে সেন্টমার্টিন দ্বীপের ছেঁড়াদিয়া এলাকার পূর্বে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঘটেছে।
আটকরা হলেন- সেন্টমার্টিনের কবির, আব্দুর রহমান, লেডু মিয়া, রমিস আহমদ, আব্দুর রশিদ, জিয়াউর রহমান, আমানুল্লাহ, ওসমান, আবু তাহের, আব্দুল্লাহ এবং শাহপরীর দ্বীপের বাসিন্দা দুজন থেকে আলম। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
সেন্টমার্টিনের বাসিন্দা জেলে আব্দুল গফুর জানান, “ভোরে ছেঁড়াদিয়া এলাকায় জেলেরা মাছ ধরার সময় নুর আহমেদের ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণ হারায়। নির্দিষ্ট গতি থেকে সরে গেলে আরাকান আর্মির সদস্যরা ট্রলারে থাকা ৬ জেলেকে আটক করে। এ ছাড়া সেন্টমার্টিন ৫ ওয়ার্ডের বাসিন্দা ইলিয়াসের ট্রলারে থাকা ৬ জেলেকে ধরে নিয়ে যায় গোষ্ঠীটির সদস্যরা।”
অপহৃত জেলেদের পরিবারে আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বিষয়টি জানানো হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, “তারা বিষয়টি তদন্ত করছেন এবং জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।”
জেলেদের ট্রলার বিকল হয়ে যাওয়ায় তারা মিয়ানমারের জলসীমার কাছাকাছি চলে গিয়েছিল বলে জানা গেছে। আরাকান আর্মি দাবি করেছে যে “তারা রাখাইন রাজ্যের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ট্রলার ও জেলেদের আটক করেছে।” আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশি জেলেদের অপহরণের ঘটনা এবারই প্রথম নয়; গত এক বছরে প্রায় ৩৫০ জন জেলেকে অপহরণ করা হয়েছে, যাদের মধ্যে প্রায় ১৫০ জন এখনও তাদের জিম্মায় রয়েছে।
এমএআর/
