মহেশপুর ৫৮ বিজিবি পুশইন প্রতিরোধে সীমান্তে মতবিনিময় করেছে

by Fatih Work

শামীম ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি:

মহেশপুর ৫৮ বিজিবি মঙ্গলবার বিকালে খোসালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার খোসালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি উপস্থিত থেকে সকলের সাথে মত বিনিময় করেন। এছাড়াও মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, বাঘাডাঙ্গা কম্পানি কমান্ডার এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৫০০ স্থানীয় জনসাধারণ উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। উক্ত সভায় অধিনায়ক মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) বলেন, “বর্তমানে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে এসআইআর (SIR: Special Intensive Revision) এর কার্যক্রম চলমান রয়েছে। এ প্রেক্ষিতে, বিএসএফ কর্তৃক সীমান্ত দিয়ে পুশ-ইন করার সমুহ সম্ভাবনা রয়েছে।” সীমান্ত দিয়ে বিএসএফ যাতে পুশ-ইন না করতে পারে সে বিষয়ে তিনি আনসার-ভিডিপিসহ স্থানীয় সকলের সতর্কতা এবং সহযোগিতার আহবান জানান।

বিজ্ঞাপন
banner

পুশ-ইন সম্পর্কে সজাগ থাকা, বিএসএফ এর গেইট পাহাড়া দেয়া, সীমান্তের ওপারের আত্মীয়-স্বজনের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে বিজিবি’কে জানানো এবং পুশ-ইন মোকাবেলায় সকলকে বিজিবি’র সাথে থাকার জন্য তিনি উদাত্ত আহবান জানান। এছাড়াও তিনি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ না করা অর্থাৎ শুন্য লাইন অতিক্রম না করা, সন্ধ্যার পর শূন্য লাইনে গমন কিংবা অবস্থান না করা, সকল প্রকার চোরাকারবারীদের (মাদক, স্বর্ণ, গরু, মানুষ ও শিশু পাচারকারী ইত্যাদি) সামাজিকভাবে প্রতিহত করা, মাদক’কে সামাজিকভাবে বয়কট করা, চোরাকারবারী কিংবা মানব পাচারকারীদের সম্পর্কে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করা, সীমান্ত দুর্ঘটনা প্রতিরোধে সকলকে আরো সচেতন হওয়া, শুন্য লাইন বরাবর গবাদি পশু না চড়ানো, সীমান্ত অতিক্রম করে ভারতের মধ্যে ঘাস কাটতে না যাওয়া, ভারতীয় জমি লিজ না নেয়া কিংবা চাষ না করা এবং অহেতুক সীমান্ত এলাকায় গমন না করার জন্য তিনি সকলকে আহবান জানান। ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক সভা ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে অবহিত করেন।

উক্ত মত বিনিময় সভায় উপস্থিত সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও তারা বিজিবি’র এ ধরনের উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং সীমান্ত অপরাধসহ পুশ-ইন রোধে সকলে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিষয়টি ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান নিশ্চিত করেছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222