গ্রাম্য সালিশে ধর্ষককে চড়-থাপ্পড় দিয়েই শেষ শিশু ধর্ষণের বিচার

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৮ বছরের এক তরুণের বিরুদ্ধে। বিষয়টি মীমাংসা করতে গ্রামে সালিসি বৈঠকের আয়োজন করেন গ্রামের মাতবররা। এদের মধ্যে এলাকার মাতবর মো. সোলেমানসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
বৈঠকে অভিযুক্ত তরুণকে চড়-থাপ্পড় মেরে ও ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করে মীমাংসা করা হয়েছে বলে ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে। এদিকে সালিসে ধর্ষকের পাশাপাশি ভুক্তভোগী শিশুটিকে উপস্থিত রেখে তার কথা শোনেন সালিসকারীরা। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

সরেজমিন আজ দুপুরে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে দেখা যায় সালিসের আয়োজক সোলেমানের বাড়ির সামনে ভ্যান গাড়িতে উঠানো হয়েছে বেশকিছু প্লাস্টিকের চেয়ার ও টেবিল। এ সময় স্থানীয়রা জানায়, সেখানে পাশের বাড়ির এক শিশুকে ধর্ষণের ঘটনায় সালিস হয়েছে।
পরে সালিসের হোতা সোলেমান মিয়া জানান, ‘তিন দিন আগে পাশের বাড়ির প্রবাসী আবুল কাশেমের ছেলে রাজু মিয়া (১৮) বিস্কুট ও চিপসের লোভ দেখিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে বাড়ির পেছনে নিয়ে ধর্ষণ করে।” ওই ঘটনার সুষ্ঠু বিচার করতেই তিনি এলাকার লোকজনকে নিয়ে নিজ বাড়ির সামনে সালিসের আয়োজন করেন।

প্রায় তিন ঘণ্টাব্যাপী এই সালিসে ধর্ষক ও তার পরিবারের সদস্যদের পাশাপাশি ধর্ষণের শিকার শিশু, তার মা ও নানিকে উপস্থিত করা হয়। সবার সম্মতি নিয়েই অভিযুক্ত ধর্ষক রাজুকে চড়-থাপ্পড় দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি সাদা কাগজে উভয় পক্ষ ছাড়াও সালিসে উপস্থিত সবার স্বাক্ষর নেওয়া হয়।

কিন্তু ধর্ষণের বিচার তো সালিসে হয় না—এমন কথার জবাবে সোলেমান মিয়া বলেন, “শক্ত বিচার হয়েছে। আর এ রকম করবে না।”
শিশুটির মা বলেন, “তিন দিন আগে ঘটনা ঘটলেও শিশুটি গত বুধবার রাতে তাকে বিষয়টি জানায়। এরপর ঘটনাটি এলাকায় জানিয়ে থানায় যেতে চাইলে স্থানীয় লোকজন মীমাংসা করে দেওয়ার কথা বলে। পরে ধর্ষক রাজুকে চড়-থাপ্পড় দিয়ে বিচার শেষ করে দেয়। আমি এই বিচার মানি না।”

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ আঠারবাড়ি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে শিশু নির্যাতনের সত্যতা পেয়েছেন। তিনি বলেন, “এ ঘটনায় কারা সালিসের আয়োজন করেছিলেন—তা খতিয়ে দেখা হবে। সেইসঙ্গে লিখিত অভিযোগ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222