জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামী রোববার (৭ ডিসেম্বর) ‘অসত্য, মনগড়া ও বিভ্রান্তিকর’ বিবৃতি দিয়েছে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করছে এনসিপি। এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়ে দলটি বলেছে, জামায়াতের এই বিবৃতি বাস্তবতাবিবর্জিত, রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার স্পষ্ট অপচেষ্টা।
সোমবার (৮ ডিসেম্বর) এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি দাবি করা হয়।
এতে বলা হয়, গত ৬ ডিসেম্বর শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্রে ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের (এনপিএ) আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপি সদস্যসচিব আখতার হোসেন সাম্প্রতিক সহিংস ঘটনার প্রমাণনির্ভর যে মন্তব্য করেন, তা সম্পূর্ণ তথ্যসম্মত ও দায়িত্বশীল।
২৭ নভেম্বর পাবনার ঈশ্বরদী থানায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষে গুলি চালানো তুষার মণ্ডল যে জামায়াতে ইসলামীর কর্মী, তা জেলা গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এবং অস্ত্র-গুলিসহ তাকে গ্রেপ্তার করেছে। এমন স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বাস্তবতা অস্বীকার করা সত্য গোপন ও দায় এড়ানোর নিন্দনীয় অপচেষ্টা ছাড়া অন্য কিছু নয়।
এনসিপি মনে করে, জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে। ৫ আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে তারা পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে ‘নতুন খেলোয়াড়’ হিসেবে আবির্ভূত হতে চাচ্ছে, যা দেশের জন্য অশুভ সংকেত।
এআইএল/
