বাংলাদেশ তাবলিগ জামাতের প্রবীণ মুরুব্বি হাজি সেলিম ইন্তেকাল করেছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) ভোরে কেরানীগঞ্জে নিজ বাসভবনে তাহাজ্জুদের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্তেকালের নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, মরহুম হাজি সেলিম দীর্ঘদিন ধরে তাবলিগের মেহনতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। বিশেষ করে টঙ্গী ইজতেমা মাঠে একটি বিশেষ জামাতের খেদমতে তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তাবলিগ অঙ্গনের মানুষ আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
হাবিবুল্লাহ রায়হান জানান, বাংলাদেশে সাদপন্থিদের বিভ্রান্তি, নানা ধরনের চক্রান্ত-অশান্তি ছড়ানোর সময় এবং কাকরাইল মসজিদ-টঙ্গী ইজতেমা মাঠে ন্যক্কারজনক ভয়াবহ হামলার ঘটনায় উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত তাবলিগের পক্ষে দৃঢ় অবস্থান নিতে গিয়ে হাজি সেলিম গুরুতরভাবে আহত হন। এরপর থেকে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন।
তিনি আরো বলেন, মরহুম হাজি সেলিমের জানাজা আজ দুপুরে জোহরের নামাজের পর মান্দাইল–জিনজিরা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
হাজি সেলিমের ইন্তেকালে দাওয়াত ও তাবলিগের অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন স্তরের আলেম-ওলামা, মুরুব্বি ও ধর্মপ্রাণ মুসলমানরা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এআইএল/
