বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যতিক্রমী উৎসাহ লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে লাখো নেতা–কর্মী ও সমর্থক ঢাকায় পৌঁছাচ্ছেন। বিশেষ করে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় গণসংবর্ধনা মঞ্চের আশেপাশে ভিড় ক্রমেই বাড়ছে। বুধবার থেকেই মঞ্চের সামনে অবস্থান নেওয়া শুরু করেছেন বিএনপির নেতা–কর্মীরা। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন, স্লোগান ও প্ল্যাকার্ডে এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।
এই ভিড়ে নজর কেড়েছে শেরপুর থেকে আসা অটোচালক মো. রিয়াজ উদ্দিনের দৃশ্য। তিনি কাঁধে করে আনেছেন প্রায় ৫০ কেজি ধান এবং শীতের রাতেও খোলা গায়ে রাস্তায় কাটিয়েছেন। তিনি জানান, নেতাকে দেখতে এসেছেন, তাই শীত কোনো বাধা নয়।
তারেক রহমান বুধবার সন্ধ্যায় পরিবারের সঙ্গে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। শিডিউল অনুযায়ী, বিমানটি সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটে অবতরণ করবে। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং সকাল ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
টিএইচএ/
