তানভিরুল হক আবিদ (স্টাফ রিপোর্টার)
ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী বড় মাদ্রাসা)-এর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ফারেগিন (মাস্টার্স সমাপ্তকারী) ছাত্রদের দস্তরবন্দী পাগড়ী প্রদান অনুষ্ঠান আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ আয়োজন। অনুষ্ঠানে কোরআন ও বুখারী শরীফের খতম করাবেন মাদ্রাসার মুহতামিম এবং আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা মাহমুদুল হাসান (হাফিজাহুল্লাহ)।
নির্ধারিত সূচি অনুযায়ী, মাগরিবের নামাজের পর বুখারী শরীফের সর্বশেষ হাদিস পাঠ করা হবে। এরপর রাত ৯টায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হওয়ার কথা রয়েছে।
চলতি বছরে দস্তরবন্দী ও সনদ গ্রহণ করবেন—
-
হাফেজ: ১১৭ জন
-
মাওলানা (দাওরায়ে হাদিস): প্রায় ৯০০ জন
-
মুফতি: ৬৬ জন
-
মুহাদ্দিস: ৮ জন
-
ক্বারী (কেরাতে হাফস): ৫০ জন
-
ক্বারী (কেরাতে সাবা): ১৯ জন
-
মুফাসসির: ২৪ জন
-
দায়ী: ৬ জন
-
আরবি সাহিত্যে ডিপ্লোমা সম্পন্নকারী: ৯৩ জন
পাগড়ী প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে মাদ্রাসা প্রাঙ্গণে ছাত্রদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে।
শিক্ষার্থীদের অনুভূতি
দাওরায়ে হাদিসের একজন ছাত্র জাবের হুসাইন ৩৬ নিউজকে জানান, দস্তরবন্দী উপলক্ষে শিক্ষার্থীরা ব্যক্তিগত উদ্যোগে শুভেচ্ছা ডায়েরি, কলম, ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী ইতোমধ্যেই হাতে পেয়েছেন। অতিথি আপ্যায়নের জন্য মসনদ সাজানো, ডেকোরেশন ও মাদ্রাসার উন্নয়নমূলক কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
অন্য এক শিক্ষার্থী বলেন, “আমি একই সঙ্গে আনন্দিত ও ভারাক্রান্ত। আনন্দিত এজন্য যে, আল্লাহ তাআলার অশেষ রহমতে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করতে পারছি। আবার ভারাক্রান্ত এই ভেবে যে, এ বছরের পর আর কখনো হাদিসের দরসে ছাত্র হিসেবে বসা হবে না।”
মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন, দস্তরবন্দী পাগড়ী প্রদান অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকল আনুষ্ঠানিক ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এনআর
