বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ওই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়নপত্রও গ্রহণযোগ্য হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান এই ঘোষণা দেন। যাচাই শেষে কোনো আইনগত ত্রুটি না পাওয়ায় মনোনয়নপত্রগুলো বৈধ বলে বিবেচিত হয়।
এর আগে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
এদিকে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম আজ পঞ্চম দিনের মতো সারাদেশে চলমান রয়েছে। সকাল থেকেই বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে এই প্রক্রিয়া শুরু হয়। নির্বাচন বিধিমালা অনুসরণ করে প্রার্থীদের দাখিল করা কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, যাচাই-বাছাই কার্যক্রম চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। এরপর ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। প্রতীক বরাদ্দ সম্পন্ন হলে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু হবে।
টিএইচএ/
