কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে হাত-পায়ের রগ কেটে দুজন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও কয়েকজন।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন আলিয়ারা গ্রামের বাসিন্দা সালেহ আহমেদ ও দেলোয়ার হোসেন নয়ন। আহতদের মধ্যে কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৩ আগস্ট আলাউদ্দিন নামের এক সাবেক ইউপি সদস্যকে অটোরিকশায় তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনার পর থেকেই এলাকায় একাধিকবার সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। স্থানীয়ভাবে বিভিন্ন সময় বিরোধ মীমাংসার চেষ্টা চালানো হলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হয়নি।
টিএইচএ/
