চট্টগ্রাম–৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনী প্রচারণা শুরু

by Fatih Work

চট্টগ্রাম–৪ (সীতাকুন্ড) সংসদীয় আসন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ ও ১০ নম্বর ওয়ার্ড এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ ফজরের নামাজ আদায় ও মাজার জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোরে ফৌজদারহাট জলিলাস্থ স্টেশন ফকিরা জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর তিনি পারিবারিক কবরস্থানে পূর্বপুরুষদের কবর জেয়ারত করেন। এ সময় স্থানীয় বাসিন্দারাও তাঁর সঙ্গে জেয়ারত ও মোনাজাতে অংশ নেন।

বিজ্ঞাপন
banner

পরে সকাল আটটার দিকে তিনি চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী ওয়ার্ডের কর্নেলহাট এলাকায় অবস্থিত হযরত মাঈনুদ্দিন শাহ (র.)– এর মাজার জেয়ারত করেন। সেখানে স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং লিফলেট বিতরণ করেন। সকাল নয়টার দিকে তিনি ছলিমপুর ওভারব্রিজ এলাকায় অবস্থিত হযরত কালু শাহ (র.)–এর মাজারে যান। সেখানে মাজার জেয়ারতের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এরপর আসলাম চৌধুরী ফৌজদারহাট এলাকায় অবস্থিত হযরত শফিউর রহমান হাশেমী (র.) ও হযরত মুস্তাকিম হাশেমী (র.)–এর মাজার জেয়ারত করেন। এ সময় তিনি স্থানীয় এলাকাবাসীর সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি পরে ভাটিয়ারীর মাদামবিবির হাট এলাকায় অবস্থিত শাহজানিয়া শাহ (র.)–এর মাজার, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়া মাজার, কুমিরার ডাল চাল মিয়ার মাজার, বাঁশবাড়ীয়ার ওয়ারিশ শাহ (র.)–এর মাজার, মুরাদপুর ফকিরহাটের সাদেক মাস্তান (র.)–এর মাজার এবং সর্বশেষ পৌরসভাস্থ পন্থিশাহ (র.)–এর মাজার জেয়ারত করেন। এর মধ্য দিয়ে প্রথম দিনের মাজার জেয়ারত ও প্রচারণা কর্মসূচি শেষ হয়।

এ সময় বিএনপির স্থানীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

এদিকে ধানের শীষ প্রতীক ও আসলাম চৌধুরীর সমর্থনে বিকেলে চট্টগ্রাম–৪ নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে একযোগে গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222