জমি নিয়ে বিরোধের জেরে ৩ বছরের শিশুকে হত্যার অভিযোগ

by Fatih Work

চট্টগ্রামের মিরসরাইয়ে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল্লাহ নামে ৩ বছরের এক শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় মস্তাননগর এলাকার মোস্তফা ভুঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই বাড়ির নুরুল আলম রাসেলের একমাত্র সন্তান।

বিজ্ঞাপন
banner

পরিবারের লোকজন জানায়, জায়গা জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আছাড় দিয়ে তাকে মেরে ফেলে।

অন্যদিকে স্থানীয়রা জানায়, মানসিকভারসাম্যহীন দাদা ঝগড়ার সময় নিজ নাতিকে না চিনে আছাড় দেয়৷ ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ৷ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ ৷

নিহত শিশুর দাদি জোৎস্না আরা বেগম অভিযোগ করে বলেন, “আমাদের জায়গায় প্রতিপক্ষের লোকজন ঘর তুলছিল। আমি বাধা দিতে গেলে দ্বীন ইসলাম, তার ভাই ও স্ত্রী মিলে আমাকে মারধর করে। পরে তারা আমার ভারসাম্যহীন স্বামীকে মারতে যায়। আমি বাড়িতে ফেরার সময় দেখি আমার নাতি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। দ্বীন ইসলামরাই আমার স্বামীকে না পেয়ে নাতিকে আছাড় দিয়ে মেরে পালিয়েছে।”

তবে আব্দুল্লাহ দাদা মোস্তফা বলেন, “আমি কেন মারবো? আমার একমাত্র নাতি সে। দ্বীন ইসলামই ওকে আছাড় দিয়ে ফেলে রেখে গেছে।”

আটক দ্বীন ইসলামের স্ত্রী বলেন, ‌“দুই পরিবার ঝগড়া লাগছে, এরপর বাচ্চাটার দাদি চিৎকার করে বলতেছে, নাতিকে মেরে ফেলছে, আমরা জানিও না শুনিও নাই, পুলিশ এসে আমার স্বামীকে আর শাশুড়িকে নিয়ে গেছে। আমরা কেউ ঘটনার সময় ছিলামও না।”

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, “পারিবারিক কলহে এক শিশুর মৃত্যুর ঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ৷ অভিযোগে ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222