কোরআন অবমাননার অভিযোগে জামালপুরে একজন আটক

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি:

জামালপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে আকাশ মিয়া (২০) নামে এক যুবককে গনপিটুনি দিয়ে সেনাবাহিনী ও পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আটককৃত আকাশ মিয়া (২৬) জঙ্গলপাড়া দিয়াবাড়ী এলাকার আনার আলী ওরফে আনার কানার ছেলে।

বিজ্ঞাপন
banner

রবিবার (২৫ জানুয়ারি) রাত ১১ টার দিকে জামালপুর পৌর শহরের জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকা থেকে ওই যুবককে আটক করে সদর থানায় নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন।

স্থানীয়রা জানান, গত শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে আকাশ তার পরিবারের কাছে নেশা করার জন্য টাকা চাই। বাবা-মা টাকা না দিলে ঘরে থাকা পবিত্র কোরআন শরীফ নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ময়লাযুক্ত স্থানে ফেলে দেয়। পরদিন রবিবার ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে রাত ৯ টার দিকে স্থানীয়রা অভিযুক্ত আকাশ মিয়াকে জঙ্গলপাড়া বোর্ডঘর বাজারে নিয়ে পিটুনি দিয়ে একটি দোকানে আটকে রাখেন। এই ঘটনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে আসে। অবশেষে সেনাবাহিনী ও পুলিশ ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত আকাশের মা খাদিজা বেগম বলেন, “শনিবার বিকেলে আকাশ টাকা না পেয়ে রাগারাগি করে কোরআন শরিফের পাতা ছিঁড়ে ফেলে। তারপর বাড়িতে ছিল না। রবিবার রাতে এলাকার লোকজন আকাশকে ধরে মারধর করে পুলিশে দিয়েছে। সে নেশার টাকার জন্য মাঝেমধ্যেই বাড়িতে ঝগড়া করে। টাকা না দিলেই ঘরের জিনিসপত্র ভাঙচুর করতো।”

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, “আকাশ মিয়া নিজ বাড়িতে কোরআন অবমাননা করে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। শুনেছি সে মাদকাসক্ত। কোরআন অবমাননার ঘটনা প্রকাশ হলে রবিবার রাতে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222