ইসলামী শিক্ষা, দাওয়াহ ও মানবসেবায় আজীবন নিবেদিতপ্রাণ আলেমে দ্বীন হযরত মুফতী গোলাম রহমান (রহ.)-এর খেদমতকে প্রাতিষ্ঠানিকভাবে অব্যাহত রাখার লক্ষ্যে “মুফতী গোলাম রহমান (রহ.) ফাউন্ডেশন” গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আজ রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬ ঈ.) বাদ ইশা জামি‘আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনার অফিসে হযরত মুফতী গোলাম রহমান (রহ.)-এর সদকায়ে জারিয়া ও মাগফিরাত কামনায় উসতাযগণের কুরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
জামি‘আর বর্তমান মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া-র সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে জামি‘আর আসাতিযায়ে কেরামসহ হযরত মুফতী সাহেব (রহ.)-এর বিভিন্ন ছাত্র ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।
বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, হযরত মুফতী গোলাম রহমান (রহ.)-এর রেখে যাওয়া দ্বীনি ও সামাজিক খেদমতের ধারাবাহিকতা বজায় রাখা এবং তাঁর অসম্পূর্ণ খেদমত বাস্তবায়নের উদ্দেশ্যে একটি পূর্ণাঙ্গ ফাউন্ডেশন গঠন করা হবে।
ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য
ফাউন্ডেশনের মূল লক্ষ্য কেবল দ্বীনি শিক্ষা প্রদান নয়; বরং সমাজে সুন্নাহভিত্তিক জীবনধারা প্রতিষ্ঠা, কুসংস্কার ও বিদআতমুক্ত সমাজ গঠন এবং মানবিক সহায়তা কার্যক্রম বিস্তৃত করা।
প্রস্তাবিত কার্যক্রম
- ফাউন্ডেশনের মাধ্যমে বিশেষভাবে যেসব কার্যক্রম পরিচালিত হবে, তার মধ্যে রয়েছে—
- কুরআন মাজীদ ও হাদীসের বিশুদ্ধ ইলম প্রচার এবং সহীহ তিলাওয়াত প্রসার।
- নামাজের মাসনুন দোয়া, আজান, ইকামত, তাকবীরসহ সুন্নাহভিত্তিক দোয়ার শুদ্ধ উচ্চারণ শিক্ষা।
- হযরত মুফতী সাহেব (রহ.)-এর ফাতাওয়াগুলো, তাঁর দস্তখাতকৃত মাদরাসার ছাত্রদের তামরীনসহ বিভিন্ন দ্বীনি কাজ একত্রিত করে একটি ফাতাওয়া সংকলন প্রণয়ন।
- মাহফিল, সভা-সেমিনার ও দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে মানুষকে ভ্রান্ত আকীদা ও বিশ্বাস থেকে ফিরিয়ে সহীহ দ্বীনের পথে আহ্বান।
- গরিব ও মেধাবী ছাত্রদের শিক্ষায় মানসিক ও আর্থিক সহায়তা প্রদান।
- মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, শীতবস্ত্র প্রদানসহ মানবিক সহায়তা কার্যক্রম।
- নারী ও শিশুদের শিক্ষামূলক ও মানবিক সহায়তা এবং অসুস্থ বা বিপদগ্রস্ত আলেমদের পাশে দাঁড়ানো।
- পত্রিকা ও ম্যাগাজিন প্রকাশের মাধ্যমে ইসলামী সচেতনতা বৃদ্ধি।
বৈঠকে সভাপতির বক্তব্যে মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া বলেন, “হযরত মুফতী গোলাম রহমান (রহ.)-এর জীবন ছিল সম্পূর্ণ আত্মনিবেদিত। তাঁর দ্বীনি ও সামাজিক খেদমতের ধারাবাহিকতা রক্ষাই আমাদের মূল উদ্দেশ্য। এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা তাঁর রেখে যাওয়া খেদমতকে যুগ যুগ ধরে জীবন্ত রাখার চেষ্টা করব, যাতে মানুষ উপকৃত হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জিত হয়।”
তিনি আরও বলেন, ইনশাআল্লাহ এই ফাউন্ডেশন হযরত মুফতী সাহেব (রহ.)-এর সদকায়ে জারিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করবে, যেখানে আলেম, শিক্ষাবিদ, ছাত্র ও সমাজের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করতে পারবে।
বৈঠক শেষে জামি‘আর আসাতিযায়ে কেরাম নবনির্বাচিত মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়াকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।
হাআমা/
