লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত করা ভোটের ছয়টি সিলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় সিল ছাড়াও একটি মোবাইল ফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয়। আটক সোহেল রানা সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং মারইয়াম প্রেসের স্বত্বাধিকারী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম প্রেস থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ মারইয়াম প্রেসে অভিযান চালায়। অভিযানে দোকান থেকে ভোটে ব্যবহৃত ছয়টি সিল উদ্ধার করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সিলগুলোসহ একটি মোবাইল ফোন ও একটি কম্পিউটার জব্দ করে আটক সোহেল রানাকে থানায় নিয়ে যাওয়া হয়।
আটক সোহেল রানা জানান, অর্ডার পেয়ে তিনি সিলগুলো তৈরি করেছেন। তবে কে বা কারা এই সিল তৈরির অর্ডার দিয়েছে, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন, “কোনোভাবেই এই প্রেসে ভোটের সিল তৈরি করা যাবে না। এটি সম্পূর্ণ অবৈধ। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।”
অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “নির্বাচনী ছয়টি সিলসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলার প্রস্তুতিও প্রক্রিয়াধীন।”
এমএআর/
