এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে বোরকা পরে বিদ্যালয়ে ঢুকে ছাত্রীদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে একজন সাবেক ছাত্রকে আটক করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের পাটাহদ কয়ড়া উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও স্থানীয়রা জানান- সকালে বিদ্যালয়ের ভিতরে বোরকা পরিহিত এক ব্যক্তিকে ছাত্রীদের মাঝে বিশৃঙ্খলা ও ঘোরাঘুরি করতে দেখে ছাত্র-ছাত্রীদের মনে সন্দেহ জাগে। একপর্যায়ে শিক্ষার্থীরা তাকে আটক করে শিক্ষকদের খবর দেয়। পরে শিক্ষকরা এসে বোরকা খুলে দেখেন সে একজন কিশোর।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম জানান, আটককৃত কিশোর গত বছর এই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিলেন। পরবর্তীতে সে জোনাইল উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। বোরকা পরে কেন বিদ্যালয়ে প্রবেশ করেছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় উৎসুক জনতা ওই কিশোরকে বোরকা পরানো অবস্থায় স্থানীয় বাজারে ঘুরিয়েছে বলে জানা গেছে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ বিষয়ে বলেন, “ঘটনাটি শোনার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে বাজারে ঘোরানোর বিষয়টি আমরা অবগত নই। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
এমএআর/
