নির্বাচনি মাঠে সংঘর্ষ: কিশোরগঞ্জে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

by Fatih Work

কিশোরগঞ্জ-৬ আসনে ১১ দলীয় জোটের ‘রিকশা’ প্রতীকের নির্বাচনি প্রচারকালে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের সুবিচারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

অভিযোগে জানা যায়, এ ঘটনায় কুলিয়ারচর উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাজিমুদ্দিন হৃদয়সহ কয়েকজন আহত হয়েছেন।

আরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, “বিকেলে সুবিচারের মোড়ে নির্বাচনি প্রচার চালানোর সময় কিশোরগঞ্জ-৬ আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সমর্থক গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা তার ওপর হামলা চালায়।” এ সময় লিফলেট ছিনিয়ে নেওয়া, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, ‘ধানের শীষ’ প্রতীক ছাড়া অন্য কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

তবে এ বিষয়ে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন।

কিশোরগঞ্জ-৬ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার বলেন, “কুলিয়ারচর উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম বিষয়টি আমাকে জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে বিচারিক কমিটির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় ভৈরব দুর্জয় মোড়ে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলি আহসান মুজাহিদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222