ধানের শীষের প্রচারে আওয়ামী লীগের সাবেক নেতারা

by Fatih Work

রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগের বহু নেতাকর্মী বিএনপিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যোগ দিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণায় কাজ করছেন।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনাসহ একাধিক শীর্ষ নেতার দেশত্যাগের পর গোয়ালন্দে আওয়ামী লীগের পদ-পদবিধারী অনেক নেতা আত্মগোপনে চলে যান। ছাত্র–জনতার ওপর হামলার মামলায় অনেকে গ্রেপ্তার হন। যাঁরা জামিন পেয়েছেন, তাঁরাও গা-ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। জুলাই আন্দোলনের সময় বিভিন্ন নেতার বাড়িঘর, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটে।

বিজ্ঞাপন
banner

এই পরিস্থিতিতে সাধারণ নেতাকর্মী ও সমর্থকদের একটি অংশ টিকে থাকার স্বার্থে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। আবার কেউ কেউ দীর্ঘদিন পর নিজ রাজনৈতিক ঘরে ফিরে এসেছেন বলেও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।

বিএনপিতে যোগ দেওয়া উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন-গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী নার্গিস পারভীন, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম নিলু মণ্ডল, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী বাদল বিশ্বাস, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি সদস্য আবুল কাশেমসহ আরও অনেকে।

তাঁরা ইতোমধ্যে রাজবাড়ী–১ আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন এবং ধানের শীষের পক্ষে কাজ শুরু করেছেন।

এ ছাড়া আরও অনেক আওয়ামী লীগ নেতা-কর্মী ধানের শীষের পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছেন বলে জানা গেছে।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম নেতা শহিদুল ইসলাম বাবলু বলেন, “বিএনপিতে যোগ দেওয়া নেতাকর্মীরা দলটিকে ভালোবেসে স্বেচ্ছায় এসেছেন এবং ধানের শীষকে বিজয়ী করতে কাজ করছেন। দল বদল রাজনীতির একটি স্বাভাবিক অংশ, আমরা তাদের স্বাগত জানিয়েছি।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222