লক্ষ্মীপুর শহরে পৃথক নির্বাচনি গণমিছিলে অসুস্থ হয়ে বিএনপি ও জামায়াতের দুই কর্মীর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
মৃতরা হলেন লক্ষ্মীপুর পৌরসভার উত্তর বাঞ্চানগর এলাকার বিএনপিকর্মী ওবায়দুল হক (৪৫) এবং জামায়াতকর্মী আবদুর শহিদ।
দলীয় সূত্র জানায়, বিকেলে পৌর শহরের উপকণ্ঠে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াত প্রার্থী রেজাউল করিমের পক্ষে গণমিছিল বের হয়। সেখানে আবদুর শহিদসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলে ভিড়ের মধ্যে আবদুর শহিদ অসুস্থ হয়ে পড়েন।
এরপর সন্ধ্যায় একই আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপিকর্মী ওবায়দুল হক অসুস্থ হয়ে পড়েন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অরুপ পাল জানান, পৃথক দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। আসার পথে তাদের মৃত্যু হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তারা মারা গেছেন।
এমএআর/
